সাংসদের অসহযোগিতায় বিপাকে মাহমুদা

দলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের অসহযোগিতায় বিপাকে ১৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাহমুদা বেগম। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের কাউকে পাশে না পেয়ে একাই তাঁকে চালাতে হচ্ছে নির্বাচনী প্রচার।
এই ওয়ার্ডে আরও প্রার্থী হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান মোল্লা। কামাল মজুমদার তাঁর পক্ষেই প্রচার চালাচ্ছেন।
ঢাকা উত্তর ও দক্ষিণে ৯৩টি ওয়ার্ডের মাত্র দুটিতে আওয়ামী লীগ দুই নারী প্রার্থীকে দলীয় সমর্থন দিয়েছে। তাঁদের একজন মাহমুদা বেগম। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহমুদা গত মেয়াদে সংরক্ষিত আসনের কমিশনার ছিলেন।
মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘কামাল আহমেদ মজুমদার অসহযোগিতা করছেন। আমার পক্ষে দলীয় নেতা-কর্মীরা মাঠে নামছেন না। যাঁরা যোগাযোগ করছেন তাঁদেরই কামাল আহমেদ মজুমদার ভয় দেখাচ্ছেন।’
স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার শুধু মেয়র পদপ্রার্থীর জন্য ভোট চাইছেন বলে দাবি করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি এলাকার গণজোয়ারের বাইরে যেতে পারি না। কিন্তু দল যেহেতু আরেকজনরে সমর্থন দিয়েছে আমি শুধু মেয়রের পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে ভোট চাইছি। উইড়া আসা কাউকে কেউ কেন মানব? এলাকার সবাই তো তার বিরুদ্ধে।’
তবে ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশেকুল ইসলাম মোল্লা প্রথম আলোকে বলেছেন, ‘কামাল আহমেদ মজুমদার নিয়মিত মতিউর রহমান মোল্লার পক্ষে জনসংযোগ করছেন। আমার ফেসবুকে ঢুকে দেখেন। প্রমাণ আছে। বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমরা কামাল মজুমদারের সঙ্গে ৯২ দিন মাঠে ছিলাম। দল যাকে সমর্থন দিছে সে ছিল না।’
মাহমুদার সঙ্গে যখন মুঠোফোনে কথা হচ্ছিল তখন তিনি আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতার বাসায় ছিলেন। জানা গেছে, নির্বাচনের সাত দিন আগে জনসংযোগে ব্যস্ত থাকার কথা থাকলেও মাহমুদাকে দিনের একটা বড় অংশ পার করতে হচ্ছে নেতাদের কাছে ধরনা দিয়ে। তিনি সাংসদের অসহযোগিতার কথা উত্তরের নির্বাচন সমন্বয়ক ফারুক খানকে জানিয়েছেন। তিনি দীপু মনির সঙ্গেও যোগাযোগ করেছেন। এমনকি কামাল আহমেদ মজুমদারের কাছেও তিনি গিয়েছিলেন। কামাল আহমেদ মজুমদার তাঁকে ওয়ার্ডের নেতাদের সঙ্গে বোঝাপড়া করার পরামর্শ দিয়ে বিদায় করে দিয়েছেন।
গতকাল রোববার মাহমুদা বেগমের নির্বাচনী কার্যালয়ের সামনে এক তরমুজ বিক্রেতার সঙ্গে কথা হচ্ছিল। নির্বাচন নিয়ে আলাপ শুরু করতেই তাঁর সঙ্গে যুক্ত হন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা। তাঁরা বলছিলেন, কমিশনার হিসেবে মাহমুদা এলাকার লোকজনের জন্য যথেষ্ট করেছেন। তিনি কখনো কাউকে ফেরাননি। কিন্তু তাঁর বিরুদ্ধে একটা প্রচার আছে যে তিনি দলীয় নেতা, স্থানীয় নেতা নন। স্থানীয় সমস্যা নিয়ে তাঁর খুব একটা মাথাব্যথা নেই।
কাফরুল, ইব্রাহিমপুরে ঘণ্টা চারেক ঘুরেও গতকাল মাহমুদা বেগমের নির্বাচনী কার্যালয় ছাড়া আর কোথাও তাঁর কোনো পোস্টার চোখে পড়েনি। তবে ইব্রাহিমপুর মতিউর রহমান মোল্লার নির্বাচনী কার্যালয়ের সামনে দিনভর তাঁর পক্ষে ভোট চেয়ে বড় সাউন্ডবক্সে গান বাজছিল।