সাংসদের অস্ত্র থেকে গুলি বের হয়ে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেসা আফরোজের লাইসেন্সকৃত শর্টগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে আহত হয়েছেন তাঁর মামাতো ভাই সাইদুর রহমান। তিনি মহানগর আওয়ামী লীগের সদস্য। গত সোমবার দুপুরে নগরের আলেকান্দা এলাকায় সাংসদের বাসভবনে ওই ঘটনাটি ঘটে।
সাংসদ জেবুন্নেছা আফরোজ বলেন, ‘সোমবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় জমাকৃত লাইসেন্স করা শর্টগানটির লাইসেন্স নবায়নের জন্য বাসায় আনা হয়। শর্টগানটি পরিষ্কার করার জন্য নগরের বন্দুকের দোকানের মালিক রেজাউল ইসলামকে বাসায় ডাকি। রেজাউল সেটি পরিষ্কার করছিলেন। এ সময় অসতর্কতাবশত একটি গুলি বেরিয়ে যায়। গুলিটি গিয়ে কক্ষের দেয়ালে লাগে। সেখান থেকে কয়েকটি স্প্লিন্টার পাশে থাকা বড় ভাই সাইদুর রহমানের গায়ে লাগে। এতে তিনি সামান্য আহত হন। গুরুতর আহত না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি।’
প্রয়াত সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের লাইসেন্সকৃত একটি শর্টগান ও পিস্তল কোতোয়ালি মডেল থানায় জমা দেন স্ত্রী জেবুন্নেসা আফরোজ। পরে ওই দুটি নিজের নামে লাইসেন্স করিয়ে নেন তিনি। সোমবার জেবুন্নেসা আফরোজ নিজে থানা থেকে শর্টগানটি বাসায় নিয়ে আসেন। এরপর ওই দুর্ঘটনা ঘটে।
রেজাউল ইসলাম বলেন, অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যায়। এ বিষয়ে সাইদুর রহমান বলেন, এ ঘটনায় তাঁর কিছুই হয়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, সাংসদ জেবুন্নেছার বাড়িতে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেছে এমন তথ্য জানা নেই বলে জানান। কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগও করেনি।