সাংসদের আত্মীয় ও ঘনিষ্ঠজনেরা পেলেন মনোনয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ সাংসদের আত্মীয় ও ঘনিষ্ঠজনেরা দলীয় মনোনয়ন পেয়েছেন। ফলে ওই সব ইউপিতে আওয়ামী লীগ–সমর্থিত চারজন বর্তমান চেয়ারম্যান এবার মনোনয়ন পাননি। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। মনোনয়নবঞ্চিত ব্যক্তিরা তৃণমূলের ভোট নিয়েও প্রশ্ন তুলেছেন।
দলীয় সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম বাহারছড়ায় (তাজুল ইসলামকে মাস খানেক আগে উপজেলা যুবলীগের সভপতিও করা হয়েছে), সাংসদের চাচা রশিদ আহমদ চৌধুরী সরল ইউনিয়নে, দূর সম্পর্কের বেয়াই (আত্মীয়) জিল্লুর করিম ছনুয়ায় ও খালাতো ভাই কফিল উদ্দিন বৈলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এ প্রসঙ্গে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আমার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ লোকজন মনোনয়ন পেলে সমস্যা কী? তাঁরা তো যোগ্য প্রার্থী। নিয়মকানুন মেনে তাঁদের মনোনয়ন দিয়েছে কেন্দ্র।’
স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৪ জুন বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের মধ্যে তিনজন স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশখালী উপজেলা জামায়াত–অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। উপজেলার ১৪টির মধ্যে নয়টি ইউনিয়নে জামায়াত বা বিএনপি–সমর্থিতরা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যেও সেখানে গত নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত পাঁচজন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, যাঁদের মধ্যে এবার চারজন মনোনয়ন পাননি। তাঁরা হলেন পুকুরিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন, সাধনপুরের আহসান উল্লাহ চৌধুরী, কাথারিয়ার জয়নাল আবেদীন চৌধুরী ও পুঁইছড়ির মাঈন উদ্দিন। তবে মনোনয়ন না পেয়ে মাঈন উদ্দিন এবার নির্বাচন করছেন না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালীর ১৪ ইউনিয়নের প্রার্থী বাছাই করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ। এ ক্ষেত্রে আমরা পোস্ট অফিসের ভূমিকা পালন করে প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠিয়েছি।’
মফিজুর রহমান আরও বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোট এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে তৃণমূলের ভোটপদ্ধতি নিয়েও অনেকে আমাদের কাছে জোরালো আপত্তি করেছেন। বিশেষ করে আমাদের বর্তমান চারজন চেয়ারম্যান মনোনয়ন না পাওয়ায় ভোটপদ্ধতি নিয়ে অভিযোগ ওঠে। কিন্তু বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের মতামতকে আমরা গুরুত্ব দিয়েছি। এবারের নির্বাচনে আওয়ামী লীগের পাঁচজনের মধ্যে শুধু শিলকূপ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক শিকদার মনোনয়ন পেয়েছেন।’
পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকের হোসেন চৌধুরী মনে করেন, মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলে ভোট ঠিকভাবে হয়নি। সর্বোচ্চ ভোট পেয়েছেন এমন অনেকে বাদ পড়েছেন।
সাধনপুর ইউিপর বর্তমান চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে পদ্ধতিতে তৃণমূলের ভোট নেওয়া হয়েছে, তা ছিল বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট। এখন আর কী করার আছে? আমি স্বতন্ত্রভাবে লড়ছি।’
দলীয় মনোনয়নবঞ্চিত পুকুরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন বলেন, ‘কেন্দ্র–নির্দেশিত পদ্ধতি অনুসরণ না করে তৃণমূলের ভোট করা হয়। এই ভোটপদ্ধতি বিতর্কিত ছিল। ফলে জনপ্রিয় ও যোগ্য অনেক নেতা বাদ পড়েছেন। আমিও বাদ পড়েছি। এ জন্য আমি স্বতন্ত্রভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘পুকুরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমাদের দলের নেতা। কিন্তু তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু ব্যক্তিদের জমি দখলের অভিযোগ আছে বলে তাঁকে বাদ দেওয়া হয়েছে।’
এদিকে সাংসদের ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম বলেন, ‘আমি দুই যুগের বেশি ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কঠিন সময়ে বাঁশখালীতে রাজনীতি করেছি। তৃণমূলের ভোটে আমাকে এবার চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আশা করছি।’