সাংসদের আপত্তিতে অতিথি করায়...
স্থানীয় সাংসদের আপত্তিতে একটি অনুষ্ঠানে এক ব্যক্তিকে বিশেষ অতিথি করায় গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের এই ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা।আইনজীবী সমিতির নেতারা অভিযোগ করেন, আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব রবিউল আলম উবায়দুল মোকতাদীর চৌধুরীকে বিশেষ অতিথি করায় স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুল হাইয়ের সমর্থকেরা এই ভিত্তিপ্রস্তর ভেঙেছেন। উল্লেখ্য, মোকতাদীর চৌধুরী আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভগ্নিপতি।প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সাংসদ লুৎফুল হাই সমর্থকদের নিয়ে জেলা আইনজীবী সমিতিতে প্রবেশের সময় তাঁদের কয়েকজন ভিত্তিপ্রস্তর স্তম্ভটি গুঁড়িয়ে দেন। পরে সাংসদের গাড়িতেই তাঁরা আদালত ভবন ত্যাগ করেন।জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয় পার্টির সহসভাপতি হারুনুর রশিদ খান বলেন, ‘সাংসদ লুৎফুল হাই বারের একজন প্রবীণ সদস্য। অনুষ্ঠানের একজন বিশেষ অতিথির বিষয়ে তাঁর আপত্তি ছিল। তবে আদালত প্রাঙ্গণে এসে ভিত্তিপ্রস্তর ভাঙচুর করা হবে, এমনটা আমরা চিন্তা করিনি।’সাংসদ লুৎফুল হাই বলেন, ‘অনুষ্ঠানে মোকতাদীর চৌধুরীকে বিশেষ অতিথি করায় আপত্তি জানিয়েছি। তবে এর সঙ্গে ব্যক্তিগত বিদ্বেষ বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। ছেলেরা ভিত্তিপ্রস্তর ভাঙচুর করেনি। দুর্বল অবকাঠামোর ভিত্তিপ্রস্তরটি ধরার সঙ্গে সঙ্গেই তা ভেঙে পড়েছে।’এ ব্যাপারে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে প্রতিমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি ঠিক থাকবে।’