সাংসদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন, মজুরি, ঈদ বোনাসসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিলেন খুলনার রাষ্ট্রায়ত্ত সাত পাটকলের শ্রমিকেরা। গত মঙ্গলবার সমাবেশ থেকে ডাকা ধর্মঘট কয়েক ঘণ্টা পালনও করেন তাঁরা। কিন্তু মঙ্গলবার রাতে খুলনা-৩ আসনের সাংসদ মন্নুজান সুফিয়ানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করে গতকাল বুধবার সকাল থেকে আবার কাজ শুরু করেছেন শ্রমিকেরা।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের সদস্যসচিব এস এম জাকির হোসেন প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, মঙ্গলবার বেলা দুইটায় ক্রিসেন্ট জুট মিলের গেট সভা থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গতকাল সকাল থেকে সড়ক অবরোধের পরিকল্পনা ছিল। এ সমস্যা সমাধানে সন্ধ্যার দিকে বিজেএমসি তাৎক্ষণিকভাবে তার নিজস্ব তহবিল থেকে কিছু অর্থায়ন করে। রাতে মন্নুজান সুফিয়ান শ্রমিকদের সঙ্গে বৈঠক করে বেতন, বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন প্রত্যাহার করেন।
জাকির হোসেন আরও বলেন, ‘কয়েক দিন আগে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের সঙ্গে ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী ঈদের আগে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মন্ত্রীর সে আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় আমরা ধর্মঘটের ডাক দিয়েছিলাম।’
বকেয়া বেতন আদায়সহ পাঁচ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। পাটকলগুলো হলো খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, আলীম, ইস্টার্ন জুটমিল এবং যশোরের জেআই ও কার্পেটিং জুটমিল।