লক্ষ্মীপুরের রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের ডাকা কর্মবিরতি কর্মসূচি গতকাল সোমবার স্থগিত করা হয়েছে।ওই প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের গত রোববার থেকে শুরু হওয়া এই কর্মসূচি স্থগিত করা হয়। তবে উদ্ভূত পরিস্থিতির সমঝোতা না হলে কলেজে কর্মরত ২৭ জন শিক্ষক গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার থেকে পুনরায় শিক্ষা কার্যক্রম চলবে।কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া জানান, উদ্ভূত পরিস্থিতিতে ৪ আগস্ট পরিচালনা কমিটির সভা ডাকা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করা হয়।শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নূর নবী জানান, অধ্যক্ষ মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ ছাইফ উদ্দিন দীর্ঘদিন ধরে কলেজের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা অনিয়ম করে আসছেন। এ নিয়ে শিক্ষকেরা অনির্দিষ্টকালের কর্মসূচি শুরু করেন।