রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যা নিরসনে সাংসদ এইচ এন আশিকুর রহমান আন্দোলনরত শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করলেও কোনো সমস্যার সমাধান হয়নি। এদিকে আন্দোলনের পক্ষে অনেকেই নতুন করে সংহতি প্রকাশ করেছেন।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী গত বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষক সমিতিকে চিঠি দিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেছেন, আলোচনার মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরে আসবে ও খুব শিগগির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সার্কিট হাউসে রংপুর-৫ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান আন্দোলনরত শিক্ষক সমিতির নেতা, উপাচার্য ও আন্দোলনের বাইরে শিক্ষকদের নীল দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সাংসদ আশিকুর রহমান শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান। কিন্তু শিক্ষক সমিতি উপাচার্যের পদত্যাগ ছাড়া আন্দোলন থেকে সরে দাঁড়াবে না বলে সাফ জানিয়ে দেয়।
এদিকে আন্দোলনরত শিক্ষক সমিতি-সমর্থিত সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে আন্দোলন অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকে এখনো তালা ঝুলছে। নতুন করে এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের বাইরে পার্কের মোড়ে মানববন্ধন হয়েছে। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দিলশাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহাদত হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমন্বয়ক আবদুল কুদ্দুস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, গত বছরের ২ নভেম্বর থেকে ২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবি জানিয়ে শিক্ষক সমিতি আন্দোলন করছে। টানা প্রায় সাড়ে চার মাসের এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৪, ৫, ৬ ডিসেম্বর। কিন্তু এখন পর্যন্তও ওই ভর্তি পরীক্ষাও হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘শিক্ষকেরা আন্দোলন থেকে ফিরে এলে চলতি মার্চ মাসেই প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। আমি শিক্ষক সমিতির শিক্ষকদের আহ্বান জানাই, আপনারা ইতিপূর্বে যেসব পদ থেকে পদত্যাগ করেছেন তা প্রত্যাহার করে কাজে যোগ দিন। রংপুরবাসীর প্রাণের বিশ্ববিদ্যালয় সচল করে উন্নয়নমুখী কর্মকাণ্ডে সহযোগিতার হাত প্রসারিত করুন।’