সাংসদের উপস্থিতিতে আ.লীগের দুই নেতার মধ্যে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদের কার্যালয়ে সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পদক আবদুল হালিমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনার সময় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ কার্যালয়ে উপস্থিত ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে তালুকদার তৌহিদ জং মুরাদের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে সাভার পৌরসভার ‘কাতলাপুর বিদ্যানিকেতন’-এর নাম পরিবর্তনকে কেন্দ্র করে আলী হায়দার ও আবদুল হালিমের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সাংসদ পরিস্থিতি শান্ত করেন এবং উভয়ের মধ্যে মিটমাট করে দেন। পরে আবদুল হালিম কার্যালয় থেকে বের হলে হায়দারের সমর্থক নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালান। এ সময় হালিমের সমর্থক নেতা-কর্মীরাও পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সম্প্রতি এক অনুষ্ঠানে আবদুল হালিম কাতলাপুর বিদ্যানিকেতনের নাম পরিবর্তন করে তাঁর বাবা ও মায়ের নামানুসারে ‘সোনা মিয়া-আছিয়া খাতুন বিদ্যানিকেতন’ হিসেবে ঘোষণা করলে বিরোধের সৃষ্টি হয়।পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, কাতলাপুর বিদ্যানিকেতনের নাম পরিবর্তনকে কেন্দ্র করে নয়, আলী হায়দারের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হায়দার তাঁর পিস্তল বের করে গুলি করার হুমকি দেন। সাংসদ বিষয়টি মিটমাট করে দেন। পরে হায়দারের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সাভার থানা আওামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, কাতলাপুর বিদ্যানিকেতনের নাম পরিবর্তন নিয়ে সাংসদের উপস্থিতিতে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর কিছু সময় পর সাংসদের কার্যালয় থেকে বের হলে কতিপয় নেতা-কর্মী হালিমকে লাঞ্ছিত করেন। সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ জানান, বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তা মিটমাট করে দেওয়া হয়। তাঁর উপস্থিতিতে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেনি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সামান্য সমস্যা হয়েছিল। পরে তা মিটমাট হয়ে গেছে।