সাংসদের উপস্থিতিতে তালিকা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম পিয়ন পদে আওয়ামী লীগের সমর্থকদের নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রোববার এক সভায় সাংসদ আবদুল্লাহ আল কায়সারের উপস্থিতিতে নিয়োগপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া। সভার শুরুতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নৈশপ্রহরী কাম পিয়নদের নাম ঘোষণা করেন। সভায় সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘আমি ২৮টি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের সমর্থকদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে অন্য দলের কাউকে রাখা হয়নি। এই নিয়োগে প্রার্থীদের কাছ থেকে আমরা টাকাপয়সা নিইনি। কেউ দলীয় নেতা কিংবা দালালদের টাকা দিয়ে থাকলে তা ফেরত নিয়ে নেবেন।’ তিনি বলেন, দলের কোনো নেতা প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে থাকলে তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম পিয়ন পদের জন্য পরীক্ষায় অংশ নেওয়া সোহেল রানা বলেন, তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম হয়েছেন। অথচ ঘুষ নিয়ে পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী সোলায়মান হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, নিয়োগ কমিটির সুপারিশ ও দলীয় লোক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে চেয়ারম্যান, প্রধান শিক্ষককে সদস্যসচিব এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত একজন ব্যক্তিকে সদস্য করে তিন সদস্যের নিয়োগ কমিটি গঠন করা হয়। তিনি বলেন, সরকারি পরিপত্রে নিয়োগ কমিটিকে স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তা জমা দিতে বলা হয়েছে।