সাংসদের উপস্থিতিতে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর কাশিকাপন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে গত সোমবার আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠানে স্থানীয় সাংসদের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে ছয়জন আহত হয়েছেন।দলীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর থানা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে গত সোমবার ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগ মুহূর্তে আলোচনা পর্ব চলার সময় খাবার বিতরণ নিয়ে ওসমানীনগর থানা ছাত্রলীগের সহসভাপতি কাজী শামীম পক্ষের ছাত্রলীগের নেতা মোহাম্মদ আলী এবং অন্য এক ছাত্রলীগকর্মী রাজিবুলের মধ্যে বাদানুবাদ হয়। এ নিয়ে স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীমের উপস্থিতিতেই দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। চেয়ার, টেবিল, গ্লাস, প্লেট ছুড়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর চড়াও হয়। সংঘর্ষে আহতদের মধ্যে যুবলীগের কর্মী কাজী মিছবাহকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া বলেন, সামান্য বিষয় নিয়ে কিছু মারামারি হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি মীমাংসা করতে আগামী শনিবার সাংসদ শফিকুর রহমান চৌধুরীর বাসায় বৈঠক ডাকা হয়েছে।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, ‘ইফতারি নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ছিল। খবর পেয়ে পরে আরও পুলিশ সেখানে পাঠানো হয়। দলের নেতারাই বিষয়টি সামাল দিয়েছেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শুনেছি।’