রাজশাহীর পুঠিয়ায় গত সোমবার রাতে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওয়াদুদের উপস্থিতিতে দলীয় এক কর্মীকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। সাংসদের বাসায় উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সমঝোতা বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। পরে বৈঠকটি পণ্ড হয়ে যায়।
ছুরিকাঘাতে আহত কর্মীর নাম জিল্লুর রহমান (৪৫)। বাড়ি উপজেলার জিউপাড়া (বগুড়াপাড়া) গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলের তৃণমূল পর্যায়ে এক ভোটাভুটি হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আহসানুল হক মাসুদ নির্বাচিত হন। হেরে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক। এই ভোটাভুটিতে অংশ না নিলেও পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম ওরফে কনক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুকও উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন।
সূত্র আরও জানায়, এ অবস্থায় সমঝোতার মাধ্যমে একক প্রার্থী বাছাই করতে সাংসদ আবদুল ওয়াদুদ সোমবার রাতে তাঁর বিড়ালদহ গ্রামের বাড়িতে ওই প্রার্থীদের বৈঠকে ডাকেন।
দলীয় প্রার্থী আহসানুল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে তিনি সাংসদের কক্ষে তাঁর সঙ্গে কথা বলছিলেন। এ সময় কক্ষের বাইরে তাঁর কর্মী জিল্লুর রহমানের ওপর হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কোনো মামলা করা হয়নি। আপাতত সামনের নির্বাচন নিয়েই তিনি ভাবছেন।
আহত জিল্লুরের আত্মীয় ও প্রত্যক্ষদর্শী আবদুল গফুরের ভাষ্যমতে, তাঁরা সাংসদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে আবদুল মালেক সেখানে এসে জিল্লুরকে গালাগালি করে একটা ঘুষি মারেন। এরপর উপস্থিত অন্যদেরও মারার হুকুম দেন। তখন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম জিল্লুরকে ছুরিকাঘাত করেন।
এ ব্যাপারে আবদুল মালেক বলেন, ‘সমর্থকদের মধ্যে এটা হয়েছে। এর সঙ্গে আমি জড়িত নই।’ অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, তিনি ঘটনার অনেক পর সেখানে গেছেন। গিয়ে ঘটনাটি শুনেছেন। ভিড়ের মধ্যে কে আঘাত করেছে সেটা বোঝা মুশকিল।
সাংসদ বলেন, বাইরে সমর্থকদের মধ্যে এটা হয়েছে। তিনি বুঝতে পারেননি। আহত ব্যক্তির চিকিৎসার দায়দায়িত্ব তিনি নিয়েছেন।