সাংসদের কথা না শোনায়...
সুনামগঞ্জের এক সাংসদ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে ধরমপাশার জয়শ্রী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবার জয়শ্রী বাজারে মিছিল করেছে। তবে সাংসদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।জয়শ্রী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি এবং জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিদ্যালয়ে অফিস সহকারী পদে সাংসদ মোয়াজ্জেম হোসেনের পছন্দের প্রার্থীকে মনোনীত না করায় তাঁদের মারধর করা হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে জয়শ্রী বাজারে একটি চায়ের দোকানে ঢুকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মী শাহরিয়ার, মুকিত ও তোফায়েল তাঁর ওপর চড়াও হন।বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জয়শ্রী উচ্চবিদ্যালয়ে শিক্ষক পদে চারজন এবং অফিস সহকারী পদে একজনকে নিয়োগের জন্য গত ২৯ জুলাই পরীক্ষা হয়। সরকারি বিধি অনুযায়ী পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়। কিন্তু সাংসদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত না করায় গত ৩১ জুলাই সাংসদ মোয়াজ্জেম হোসেন জয়শ্রী নৌকাঘাট থেকে দুই পুলিশ ও এক ব্যক্তিকে বিদ্যালয়ে পাঠান। তাঁরা নিয়োগ পরীক্ষাসংক্রান্ত সব কাগজপত্র নিয়ে প্রধান শিক্ষককে সাংসদের সঙ্গে দেখা করতে বলেন। এভাবে কোথাও যেতে অস্বীকৃতি জানালে চাপ সৃষ্টি করে প্রধান শিক্ষককে নৌকাঘাটে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতিকেও নিয়ে আসা হয়।প্রধান শিক্ষক আবদুল মজিদ তালুকদার অভিযোগ করেন, ‘নৌকা ভাসিয়ে দিয়ে হাওরের মাঝখানে এলে সাংসদ আমাকে মারধর করেন। একজন শিক্ষক হিসেবে সাংসদের কাছ থেকে এমনটি আশা করিনি। রাত আটটার দিকে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক বৈঠক হয়। সাংসদ বিদ্যালয়ের রেজ্যুলেশন বই, নিয়োগ পরীক্ষার ফলাফলের শিট তাঁর কাছে রেখে দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মনীন্দ্র চন্দ্র তালুকদার বলেন, ‘এভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে মারধর করা ঠিক হয়নি। আমরা শিগগির এ নিয়ে দলীয়ভাবে বৈঠকে বসব।’জয়শ্রী ইউনিয়নের ছাত্রলীগের কর্মী শাহরিয়ার আহমেদ দাবি করেন, ‘গত রোববার বিকেলে জয়শ্রী বাজারে আক্কাছ উদ্দিন ও তাঁর ছেলে সাংসদকে বকাবকি করেছেন। আমরা ছাত্রলীগ করি, তাই সহ্য করতে না পেরে তাঁকে মারধর করেছি।’জয়শ্রী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল ওয়াহাব বলেন, ‘পুলিশ বিদ্যালয়ে এসেছিল। নৌকাঘাটে যাওয়ার সময় প্রধান শিক্ষকের সঙ্গে আমিও ছিলাম। সাংসদকে প্রধান শিক্ষকের কাছ থেকে কাগজপত্র নিতে দেখেছি।’ সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘মারামারির বিষয়টি আমি জানি না। প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে আমার অশোভন আচরণের বিষয়টি সত্য নয়। আমি কাউকে নিয়োগের জন্য সুপারিশ করিনি, এমনকি কাগজপত্রও নিইনি।’