সাংসদের কথা বলে থানা থেকে মামলার বাদীকে নিয়ে মারধর
কিশোরগঞ্জের বাজিতপুর থানা থেকে একটি মামলার বাদীকে স্থানীয় সাংসদের কথা বলে কয়েকজন যুবক ডেকে নিয়ে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে বাজিতপুর শহরের আইএফআইসি ব্যাংকের সামনে এই মারধরের ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের একজন নেতা লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।মারধরের শিকার বাজিতপুরের ভাগলপুর এলাকার ব্যবসায়ী মীর আবদুল জলিলের ভাষ্য, তাঁর গ্রামের বাড়ি উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামে। গত ১৮ মার্চ তাঁর অনুপস্থিতিতে গ্রামের বাড়ি থেকে ৪০ হাজার টাকা মূল্যের দুটি রেইনট্রিগাছ এলাকার প্রভাবশালী শামস উদ্দিন চান্দু ও তাঁর ছেলেরা কেটে নিয়ে বিক্রি করেন।ঘটনা জানার পর তিনি বাজিতপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা জানায়। পরে তিনি কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনকে ঘটনাটি জানান। তাঁর নির্দেশে ১৩ এপ্রিল বাজিতপুর থানার পুলিশ মামলাটি তালিকাভুক্ত করে। এতে শামস উদ্দিন, তাঁর ছেলে আলম, ফারুক, দিদার, মামুন, হায়দারসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।জলিল জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা গাছ কাটার ঘটনার সত্যতার প্রমাণ পান। কেটে নেওয়া গাছ তাঁর ভূমিতে কি না, এ ব্যাপারে নিশ্চিত হতে তদন্ত কর্মকর্তা শুক্রবার রাতে তাঁকে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন। সন্ধ্যার পর তিনি জমির কাগজপত্র নিয়ে থানায় যান।এ সময় তদন্ত কর্মকর্তা তাঁর এক মুমুর্ষু রোগীকে দেখতে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিলেন। তিনি ফোনে আবদুল জলিলকে কিছুক্ষণ থানায় অপেক্ষা করতে বলেন।এ সময় চারটি মোটরসাইকেলে করে ১০-১২ জন অপরিচিত যুবক থানায় ঢুকে নিজেদের কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাংসদ আফজাল হোসেনের লোক বলে পরিচয় দেয়। আবদুল জলিলকে সাংসদ ডেকেছেন বলে তাদের সঙ্গে যেতে বলে তারা।জলিলের ভাষ্য, যুবকেরা তাঁকে টেনে-হিঁচড়ে মোটরসাইকেলে তুলে বাজিতপুর শহরের আইএফআইসি ব্যাংকের সামনে নিয়ে মারধর করে পোশাক ছিঁড়ে ফেলে। তাঁর চিৎকারে পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা মো. মেসবাহ উদ্দিনসহ লোকজন ঘটনাস্থলে ছুটে যান।মেসবাহ উদ্দিন বলেন, ‘আমরা গিয়ে জলিলকে উদ্ধার করে তাঁর ভাগলপুরের বাসায় নিয়ে যাই।’জলিল অভিযোগ করেন, ‘যুবকেরা আমাকে থানা থেকে নিয়ে যাওয়ার সময় আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে নিরাপত্তা চেয়েছিলাম। তিনি আমাকে নিরাপত্তা না দিয়ে তাদের সঙ্গে যেতে বলেন। মেসবাহ উদ্দিন এগিয়ে না এলে যুবকেরা আমাকে মেরেই ফেলত। পুলিশ কার্যত আমাকে কোনো সহযোগিতা করছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করায় তাঁরা বরং আমার প্রতি ক্ষুব্ধ।’অভিযোগ অস্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, ‘যুবকেরা সাংসদ স্যারের কথা বলায় আবদুল জলিলকে তাদের সঙ্গে যেতে বলি।’এসআই মাসুদ রানা বলেন, ‘গাছ কেটে নেওয়ার অভিযোগের সত্যতা পেয়েছি। যুবকেরা আবদুল জলিলকে সাংসদ স্যারের কথা বলে নিয়ে যায়।’ এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সাংসদ আফজাল হোসেন বলেন, ‘আমি কাউকে থানা থেকে নিয়ে আসতে বলিনি। প্রয়োজন হলে আমিই আবদুল জলিলকে ফোন করতাম। কে বা কারা এ কাজ করেছে, তা-ও আমার জানা নেই। শুনেছি, আবদুল জলিল থানায় একটি মিথ্যা মামলা করেছেন। এলাকাবাসী তাঁর প্রতি ক্ষুব্ধ।’