সাংসদের কবজায় উপজেলা পরিষদের গাড়ি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ সরকারি গাড়ি ব্যবহার করছেন বর্তমান সাংসদ আবদুর রউফ। অভিযোগ উঠেছে, তিনি ওই গাড়ি নিয়ে ঢাকায় গেছেন।
আবদুর রউফ সদ্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সাংসদ নির্বাচন করেন। এরপর থেকে গাড়িটি ভাইস চেয়ারম্যান নিজামুল হক পদাধিকার বলে ব্যবহার করতেন। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা তফসিল ঘোষণার পরও নিজামুল হক সেটি ব্যবহার করছেন। তিনিও এবার প্রার্থী হয়েছেন।
কুষ্টিয়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো ব্যক্তি বা প্রার্থী সরকারি গাড়ি-বাড়ি ব্যবহার, এমনকি কার্যালয়েও যেতে পারবেন না।
গাড়ি ব্যবহারের বিষয়টি অস্বীকার করে নিজামুল হক বলেন, ‘আমি কখনোই ওই গাড়ি ব্যবহার করিনি। সাবেক চেয়ারম্যান ও সদ্য সাংসদ আবদুর রউফ গাড়িটি ব্যবহার করছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাহেলা আক্তার বলেন, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আবদুর রউফ বিশেষ কাজে ঢাকায় গেছেন।
এ ব্যাপারে সাংসদ আবদুর রউফের সঙ্গে যোগাযোগ করতে তাঁর মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।