ফেনীর দাগনভূঞায় তোরণে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর স্থানীয় স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার কয়েকটি কর্মসূচি অনুষ্ঠিত হতে পারেনি। এ ছাড়া সাংসদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে ও আশপাশে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের কর্মসূচি বাতিল করেন। পরে বেলা তিনটার দিকে সাংসদ দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে একটি গ্রামীণ সড়ক পরিদর্শনে যান। এ সময় স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ সাংসদকে শুভেচ্ছা জানিয়ে সিন্দুরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নির্মিত তোরণে অগ্নিসংযোগ করে। এ সময় এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সাংসদ কর্মসূচি বাতিল করে ফেনী শহরে চলে যান।
সূত্র জানায়, সড়ক পরিদর্শন ছাড়া শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংসদের মতবিনিময় সভার কর্মসূচিও ছিল। এ ছাড়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে একটি মাজারেও যাওয়ার কথা ছিল সাংসদের। উদ্ভূত পরিস্থিতিতে ওই দুটি কর্মসূচিও বাতিল করা হয়।
সাংসদকে শুভেচ্ছা জানিয়ে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ বেশ কয়েকটি তোরণ নির্মাণ করে। ওই অংশের অভিযোগ, মতবিনিময় সভায় দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনসহ উপজেলা আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। এতে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ ক্ষুব্ধ হয়ে তোরণে অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ না জানানোয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তোরণ জ্বালিয়ে দেয়। এতে সাংসদ এলাকা থেকে ফিরে যান।
সাংসদ রহিম উল্যাহর অভিযোগ, গতকাল সন্ধ্যায় তিনি ফেনী সার্কিট হাউসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে গেলে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী তাঁর কয়েকজন সঙ্গীকে মারধর করেন। এ সময় তাঁর ওপর হামলার চেষ্টা করা হয় ও তাঁকে মারধরের হুমকি দেওয়া হয়। পরে তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি জানিয়ে পুলিশের সহযোগিতায় সোনাগাজীর বাড়িতে চলে যান। তিনি প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন মুঠোফোনে তাঁকে দাগনভূঞার কর্মসূচি বাতিল করতে বলেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের ভাষ্যমতে, সার্কিট হাউসের বারান্দায় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী সাংসদ রহিম উল্যাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির বলেন, সাংসদের ওপর হামলা চেষ্টা এবং তোরণে আগুন ও ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি কিছু জানেন না। গত বৃহস্পতিবার সাংসদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, তাঁকে (সাংসদ) দাগনভূঞা আসতে নিষেধ করা হয়নি। তবে তিনি দাগনভূঞায় সাংসদের কর্মসূচিতে থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন। এর বেশি কিছু তিনি জানেন না।