ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউপির কাশীনগর বর্মণপাড়ার সেই ২১ সংখ্যালঘু পরিবারের লোকজন গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালামের কাছে স্মারকলিপি দিয়েছেন।উপজেলার রাজগাতী ইউপির লায়লার বাজারের কাছে একটি সেতু উদ্বোধনের পর জনসভায় যোগ দেওয়ার প্রাক্কালে স্মারকলিপিটি সাংসদের হাতে তুলে দেন তাঁরা। সাংসদ আবদুস সালাম বিষয়টি দেখবেন বলে তাঁদের আশ্বাস দিয়েছেন। রাজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ রতন স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় সেখানে নান্দাইল উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুঁইয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সস্তায় জমি বিক্রিতে রাজি না হওয়ায় ওই এলাকার সুদের ব্যবসায়ী লাখু মিয়া ও তাঁর সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ২১ সংখ্যালঘু সম্প্রদায়কে এলাকাছাড়ার নির্দেশ দেন।