সাংসদের কাছের মানুষ পরিচয়ে প্রতারণা, আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সাংসদের কাছের মানুষ পরিচয়ে চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম নাজমুস সালেকীন ওরফে সিফাত। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলা রোডের নিজ বাসা থেকে নামজুস সালেকীনকে আটক করা হয়। সে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। উপজেলার বেড়বাড়ি গ্রামের সাইফুল ইসলামকে যাদবপুর ইউনিয়নের কাজি হিসেবে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সাংসদকে দেওয়ার কথা বলে নগদ সাড়ে ১১ লাখ টাকা নেয় নাজমুস সালেকীন। সে নিজেই ওই টাকা আত্মসাৎ করে। এ পদে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি নিয়োগ পেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। সাইফুল ইসলাম এ ব্যাপারে থানায় অভিযোগ করেন।সাইফুল ইসলাম বলেন, ‘নাজমুস সালেকীন সাংসদের কাছের মানুষ পরিচয় দিয়ে ইউনিয়নে কাজি হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে সাড়ে ১১ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছে।’