সাংসদের কারখানাকে তিন লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার লালবাগের পোস্তা ওয়ার্কার্স রোডে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির। লাইসেন্স না থাকা ও অন্যান্য অপরাধে অগ্নিনির্বাপক আইন, ২০০৩ অনুযায়ী গাজী টায়ার প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মাশরুর হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিষ্ঠানের লাইসেন্স ও কাগজপত্র সব ঠিক ছিল। প্রতিষ্ঠানটিতে সংস্কার করা হচ্ছে বলে পাশের ঘরে মালামাল রাখা হয়েছে। এতে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ডিএসসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩ এস এম আনছারুজ্জামানের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত শহীদ নগর এলাকায় এম রহমান প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করেন। একই আদালত এক্সেল প্রোডাক্টকে পরিবেশ আইনে ১০ হাজার টাকা এবং চকবাজার এলাকায় রীবন প্লাস্টিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া ডিএসসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪ মো. আতাউর রহমানের নেতৃত্বে মিটফোর্ড রোড, ইমামগঞ্জ, রায় ঈশ্বরচন্দ্র শিলবাহাদুর স্ট্রিট, বাবুবাজার ব্রিজ ও সংলগ্ন এলাকায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২ ধারার আওতায় ১৮টি মামলা, ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২২টি অস্থায়ী দোকানঘর উচ্ছেদ করা হয়।