সাংসদের কুশপুতুল পোড়ালেন নেতা-কর্মীরা, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সাংসদ আফছারুল আমীনের মধ্যে বিতণ্ডার ঘটনায় মিরসরাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন মন্ত্রীর অনুসারীরা। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিল থেকে সাংসদ আফছারুল আমীনের কুশপুতুল পোড়ানো হয়। তাঁকে সংসদ থেকে বহিষ্কার করারও দাবি জানান নেতা-কর্মীরা। বিক্ষোভ চলাকালে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়।
মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আলোচনা সভায় মন্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছেন সাংসদ আফছারুল আমীন। এর প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন মিরসরাই উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে মন্ত্রীর নির্দেশে নেতা-কর্মীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন।
তবে মিরসরাই সদরে সড়ক অবরোধ করার কোনো ঘটনা ঘটেনি বলে জনান হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন। তিনি বলেন, সদর এলাকায় একটি বিক্ষোভ মিছিল হয়েছে।
গত শনিবার রাতে আইইবির চট্টগ্রাম কেন্দ্রে উড়ালসড়কের কার্যকারিতা নিয়ে তুমুল বিতণ্ডায় জড়ান গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সাংসদ আফছারুল আমীন। তর্কের একপর্যায়ে আফছারুল আমীন মন্ত্রীর দিকে তেড়ে যান। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ বিশিষ্টজনেরা গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন। মন্ত্রী ও সাংসদের বাগ্বিতণ্ডার মধ্যেই তাঁদের অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।