সাংসদের গলায় বিদ্রোহীদের মালা, আ.লীগে সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৩১ মার্চ আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী জয়ী হওয়ার পর সাংসদ নবী নেওয়াজকে মালা পরিয়ে দেন। সাংসদের দুই পাশে জয়ী দুই প্রার্থী l ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৩১ মার্চ আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী জয়ী হওয়ার পর সাংসদ নবী নেওয়াজকে মালা পরিয়ে দেন। সাংসদের দুই পাশে জয়ী দুই প্রার্থী l ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝিনাইদহের মহেশপুরে নির্বাচিত আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী স্থানীয় সাংসদ নবী নেওয়াজের গলায় ফুলের মালা পরিয়ে দেন। বিদ্রোহীদের গলা ধরে শুভেচ্ছা বিনিময় করেন সাংসদ।
গত ৩১ মার্চ নির্বাচনের দিন এ ঘটনা ঘটে। পরে এই ছবি বিভিন্ন সামাজিক মাধ্যম ও স্থানীয় দু-একটি পত্রিকায় প্রকাশের পর ক্ষুব্ধ হন দলের স্থানীয় নেতা-কর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন, নবী নেওয়াজ আসলে বিদ্রোহীদের মদদ দিয়েছেন; যা নির্বাচনের পরই তাঁর কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে।
এদিকে নবী নেওয়াজের বিরুদ্ধে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থকেরা। গতকাল বুধবার পৌর আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের স্থানীয় একটি পক্ষের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করেছেন নবী নেওয়াজের সমর্থকেরা। তাঁরা মহেশপুর শহরের ডাকবাংলোয় সংবাদ সম্মেলনও করেন। এতে দাবি করা হয়, ইতিপূর্বে শফিকুল আজম খান চঞ্চল ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা) সাংসদ থাকাকালে দুই উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে মাত্র তিনটিতে দলীয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সেখানে নবী নেওয়াজের প্রচেষ্টায় এবার ১২টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সম্মেলনে মহেশপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুমার কণ্ডু বলেন, সাংসদ কোনো বিদ্রোহীকে মদদ দেননি।
অপরদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, তিনি ফতেপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী ছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু নির্বাচনের পরই দেখলেন দুজন বিদ্রোহী প্রার্থী সাংসদের বাসায় গিয়ে মালা দিয়ে এলেন। যাঁরা দলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন সাংসদ তাঁদের স্বাগত জানালেন। তাঁদের গলা ধরে ফটোসেশন করলেন। এতে প্রমাণ হয়েছে নবী নেওয়াজ আসলে বিদ্রোহীদের মদদ দিয়েছেন। তিনি বলেন, সাংসদের এই আচরণে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।
সাবেক সাংসদ শফিকুল আজম খান চঞ্চল বলেন, বর্তমান সাংসদ নবী নেওয়াজ কোন পক্ষে ছিলেন, তা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। এখন নানাভাবে তা চাপা দেওয়ার চেষ্টা চলছে। আর নবী নেওয়াজ বলেন, তাঁর কাছে কেউ দেখা করতে এলে তিনি তাড়িয়ে দিতে পারেন না। যে কারণে এই ঘটনার সৃষ্টি হয়েছে। তিনি কোনো বিদ্রোহী প্রার্থীকে মদদ দেননি বলে দাবি করেন।
প্রসঙ্গত, ৩১ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন হয়। এখানে চারটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তার মধ্যে তিনজন জয়লাভ করেছেন। এর মধ্যে মহেশপুরের এসডিকে ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরিফান হাসান চৌধুরী ও বাঁশবাড়িয়া ইউপিতে আবদুল মালেক নির্বাচিত হন। তাঁরা জয়ী হয়ে নির্বাচনের দিন রাতেই সাংসদের বাসায় উপস্থিত হন। এ সময় বিদ্রোহীরা সাংসদের গলায় ফুলের মালা পরিয়ে দেন। নবী নেওয়াজ তাঁদের গলায় হাত রেখে শুভেচ্ছা জানান। এই ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার পাওয়ায় মহেশপুরে নানা আলোচনা-সমালোচনা চলছে।