আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদের মৃত্যুর ঘটনায় সাংসদের গাড়িচালক কামাল হোসেনের দায়ের করা অপমৃত্যুর মামলা ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। তাঁরা বলছেন, মামলার অনেক তথ্য বিশ্বাসযোগ্য নয়। গত ১৩ আগস্ট অপরাহ্নে সাংসদ নুরুন্নবী চৌধুরীর পিস্তলের গুলিতে নিহত হন ইব্রাহিম। এরপর ওই রাতেই নুরুন্নবীর চালক কামাল হোসেন ওরফে কালা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। দেড় শ থেকে ২০০ শব্দের টাইপ করা ‘দুর্ঘটনাজনিত মৃত্যুর সংবাদ’ লেখা একটি বিবরণ নিয়ে থানায় যান। পুলিশ সেটাকেই মামলা হিসেবে দায়ের করে। তদন্ত কর্মকর্তারা বলেন, টাইপ করা এজাহার গাড়িচালক কোথায় পেলেন সেটাই সন্দেহের। তা ছাড়া মামলায় কামাল হোসেনের নিজের ও ইব্রাহিমের স্থায়ী ও বর্তমান ঠিকানা দিয়েছেন। এত অল্প সময়ের মধ্যে ইব্রাহিমের দুই ঠিকানা চালক কোত্থেকে জোগাড় করলেন? তাঁরা জানান, ওই রাতে ইব্রাহিমের কোনো স্বজনই জানতেন না, কীভাবে ইব্রাহিমের মৃত্যু হয়েছে।মামলায় গাড়িচালক উল্লেখ করেন, তিনি ১৩ আগস্ট সন্ধ্যায় সাংসদ নুরুন্নবীকে নিয়ে এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকের সামনে আসেন। এরপর সাংসদ তাঁর ১৫৩ নম্বর কক্ষে গেলে তিনি গাড়িটি ধোয়ামোছা শুরু করেন। অথচ সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, সাংসদ নুরুন্নবী ১৩ আগস্ট দুপুরে এমপি হোস্টেলে নিজের কক্ষে যান। ওই কক্ষটি সাংসদ কার্যালয় হিসেবে ব্যবহার করেন। ওই দিন দুপুরে ইব্রাহিমও সাংসদের সঙ্গে দেখা করতে সেখানে যান। গতকাল শুক্রবার সংসদ ভবনের ১৫৩ নম্বর কক্ষে গিয়ে ভোলার দুই যুবক আনোয়ার হোসেন ও মিজানকে পাওয়া যায়। তাঁরাও জানান, ওই দিন দুপুরে এমপি হোস্টেলের কক্ষে আসেন নুরুন্নবী। এরপর তিনি ইফতার পর্যন্ত নিজের কক্ষেই ছিলেন। মামলায় উল্লেখ করা হয়েছে, চালক যখন গাড়ি ধোয়ামোছা করছিলেন, তখন গাড়িতে বসে সাংসদের পিস্তলটি নিয়ে নাড়াচাড়া শুরু করেন ইব্রাহিম। কিন্তু সে সময় কামাল তাঁকে পিস্তল নাড়াচাড়া করতে নিষেধ করেছিলেন কি না বা পিস্তলটা সেখানে কী করে এল সে বিষয়ে মামলায় কোনো কিছুই উল্লেখ করেননি।মামলায় বলা হয়েছে, পিস্তলটি নাড়াচাড়া করার সময় ‘ফায়ার হয়ে দুর্ঘটনা ঘটেছে’। অথচ চালক ঘটনাটি নিজের চোখে দেখেননি বলে পুলিশকে জানিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তাদের প্রশ্ন, ইব্রাহিমকে কেউ গুলি করল কি না বা ইব্রাহিম আত্মহত্যা করেছেন কি না সে বিষয়টি দেখেননি চালক। না দেখেই তিনি কীভাবে নিশ্চিত হয়ে বিষয়টিকে দুর্ঘটনা বললেন সেটিও সন্দেহজনক।গুলিবিদ্ধ হওয়ার পর ইব্রাহিমকে প্রথমে নেওয়া হয় সদরঘাটের সুমনা ক্লিনিকে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অথচ এই তথ্যটিও মামলায় গোপন করা হয়েছে।এত সব অসংগতি সত্ত্বেও পুলিশ কেন মামলাটি নিয়েছিল, সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি গত ১৪ দিনেও। নাম প্রকাশ না করার শর্তে শেরেবাংলা নগরের একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছিলেন, প্রথমে মামলা নিতে না চাইলেও ওপরের চাপে তাঁরা মামলা নিতে বাধ্য হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা মন্তব্য করেন, আইনজীবীর পরামর্শ নিয়ে সুচিন্তিতভাবেই মামলাটি দায়ের করা হয়।