সাংসদের গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর গড়িয়ে বিকেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বর আসছে না দেখে কনেপক্ষের দুশ্চিন্তা বাড়তে থাকে। একপর্যায়ে কনেপক্ষ জানতে পারে, বরপক্ষকে নরসিংদীর সদর থানায় আটকে রাখা হয়েছে। অপরাধ, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাংসদ মুহিবুর রহমানের গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করেছে তারা।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান জানান, গাড়িতে সাংসদের নির্দিষ্ট মনোগ্রাম থাকার পরও বরযাত্রীর গাড়িবহর নিয়ম না মেনে ওই গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করে। বিষয়টি নিয়ে ঝামেলা হলে বরসহ কয়েকজন এসে সাংসদের গাড়ির চালককে মারধর করেন। সাংসদের মুঠোফোনটিও চুরি হয়। সাংসদের নির্দেশে পুলিশ বরযাত্রীর একটি গাড়ি আটকে রেখে সবাইকে ছেড়ে দেয়।এ ব্যাপারে জানার জন্য সাংসদ মুহিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।বরযাত্রীদের কয়েকজন জানান, ঢাকার দক্ষিণ কাফরুল এলাকার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার বিয়ে করার জন্য পাঁচটি মাইক্রোবাস নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে গাড়িবহর নরসিংদীর পাঁচদোনা এলাকা অতিক্রম করার সময় একটি পাজেরো গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করে। পাজেরোর চালক তাদের সেই সুযোগ দিচ্ছিলেন না। একপর্যায়ে পাজেরোর চালক কৌশলে গাড়ি দাঁড় করিয়ে বরযাত্রীবাহী গাড়িবহর আটকে দেয়। গাড়ি থেকে বেরিয়ে এসে চালক বরযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তখন সাংসদ মুহিবুর রহমান গাড়ি থেকে বেরিয়ে এসে নিজেকে সাংসদ বলে পরিচয় দেন। কিছুক্ষণ পর পুলিশ এসে সাংসদের মুঠোফোন চুরির অভিযোগে বরসহ কয়েকজনকে থানায় নিয়ে যায়। পরে একটি গাড়ি আটকে রেখে বরযাত্রীদের ছেড়ে দেওয়া হয়।বর সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, ‘পরিচয় পেয়ে সাংসদের কাছে ক্ষমা চেয়েছি। নিজেকে বর পরিচয় দিয়েও পুলিশের কাছ থেকে সহানুভূতি পাইনি। আমাদের বিলম্ব দেখে কনেবাড়ির লোকজন বারবার ফোন করতে থাকেন। পরে বাসে করে কনেবাড়ির উদ্দেশে রওনা হয়েছি।’