সাংসদের গাড়িচালকসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
সীতাকুণ্ডের বর্তমান সাংসদ এ বি এম আবুল কাসেম মাস্টারের গাড়ির চালক মনির আহম্মদ (৩৮) ও ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক গোলাম রাব্বানী ওরফে রুবেলকে (২৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যক্তিদের মধ্যে মনিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত সোমবার রাত নয়টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, সোমবার রাত নয়টার দিকে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মুখোশ পরা অস্ত্রধারী ১০-১২ জনের একদল দুর্বৃত্ত ওই দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করেন। মনির আহম্মদ সাংসদের গাড়িচালক বলে নিশ্চিত করেছেন সাংসদের ব্যক্তিগত সহকারী আসলাম হাবিব।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের পক্ষ থেকে কেউ থানায় এখনো মামলা করেনি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
আহত মনিরের ছোট ভাই মো. ফারুক বলেন, মনির হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ২ নম্বর বেডে লাইফ সাপোর্টে আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।