সাংসদের গ্রামের রাস্তায় অবৈধ সড়কবাতি!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিনের বাড়ির রাস্তায় অবৈধভাবে ১৮টি সড়কবাতি লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যুতের খুঁটিতে লাগানো এসব বাতিতে সরবরাহ লাইন থেকে সরাসরি সংযোগ দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, তাঁরা বিষয়টি জানেন না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়চণ্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর-কামারকান্দি-লামারগাঁও রাস্তায় প্রায় দেড় মাস আগে বাতিগুলো লাগানো হয়।
সরেজমিনে গত শুক্রবার বিকেলে দেখা যায়, দক্ষিণ গিয়াসনগর-কামারকান্দি-লামারগাঁও রাস্তার এক পাশ দিয়ে টানানো বিদ্যুৎ লাইনের ১৮টি খুঁটিতে ১৮টিসড়কবাতি জ্বলছে। বিদ্যুতের সরবরাহ লাইনের সঙ্গে এসব বাতির সংযোগ দেওয়া। প্রতিটি খুঁটিতে বাতির জন্যলাগানো হয়েছে সুইচ। ওই রাস্তার কামারকান্দি গ্রামেই সাংসদ আবদুল মতিনের বাড়ি।
নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ গিয়াসনগর ও কামারকান্দি এলাকার সাত-আটজন বাসিন্দা বলেন, সাংসদ আবদুল মতিনের ভাতিজা আবদুল হাদীর উদ্যোগে সড়কবাতিগুলো লাগানো হয়েছে। এ ব্যাপারে হাদীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তাঁরা।
আবদুল হাদী বলেন, ‘আসলে এলাকার কিছু ছেলে বাতিগুলো লাগাইছে। তাদের (ছেলে) মিটার লাগাইতে বলেছিলাম। এখনো তারা লাগায়নি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের (নির্বাহী প্রকৌশলী) সঙ্গে আমার সুসম্পর্ক আছে। সেই সুবাদে ওনার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
পিডিবির কুলাউড়া বিক্রয় ও বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দুলাল হোসেন বিদেশে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোজাফফর হোসেন বলেন, ‘পৌরসভা এলাকা ব্যতীত অন্য এলাকায় বিদ্যুতের খুঁটিতে মিটার ছাড়া বাতি স্থাপনের নিয়ম নেই। এটা কেউ করে থাকলে তা অবৈধ। এমপি মহোদয়ের বাড়ির রাস্তায় সড়কবাতি স্থাপনের বিষয়টি আমার নলেজে নেই। খোঁজ নিয়ে দেখব।’
এ ব্যাপারে বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাংসদআবদুল মতিন ফোন ধরেননি।