ফরিদপুুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া ‘স্বতন্ত্র’ প্রার্থী এস এম মিজানুর রহমানকে স্থানীয় সাংসদ আবদুর রহমান নির্বাচন থেকে সরে যেতে চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচার চালানোর সময় সাংসদ তাঁকে গাড়িতে তুলে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনে নিয়ে যান। সেখানে তিনি মিজানুর রহমানকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মিজানুর রহমান পাচুরিয়ার বেড়িরহাট এলাকায় নির্বাচনী ক্যাম্পে প্রচারণা-সংক্রান্ত কাজ করছিলেন। এ সময় ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনের সাংসদ আবদুর রহমানের গাড়িবহর সেখানে পৌঁছে। ওই বহরে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সাংসদ ওই সময় মিজানুর রহমানকে তাঁর (সাংসদ) গাড়িতে উঠে আসতে বলেন। মিজানুর রহমান তাঁর নিজের গাড়িতে যেতে চাইলে সাংসদ রাজি হননি। পরে সাংসদ তাঁকে আলফাডাঙ্গা সদর ইউপি ভবনে নিয়ে যান। সেখানে মিজানুর রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়।
এদিকে ‘মিজানুর রহমানকে অপহরণ’, ‘গ্রেপ্তার করা হয়েছে’—এ জাতীয় গুজব ছড়িয়ে পড়লে তাঁর (মিজানুর) কয়েক শ সমর্থক নসিমনসহ বিভিন্ন গাড়িতে করে ওই ইউপি ভবনের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। দুই ঘণ্টা পর মিজানুর রহমান সেখান থেকে বেরিয়ে আসেন। এর পরপরই মিজান প্রথম আলোকে বলেন, ‘সাংসদ বেশ কিছুদিন ধরে মুঠোফোনে নির্বাচন থেকে আমাকে সরে দাঁড়াতে বলেন। আজ সকালেও সাংসদ ফোন করে বলেন, ‘‘এটা তোমার প্রতি লাস্ট ওয়ার্নিং। তোমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে।’’’ মিজানুর রহমান বলেন, ‘আমাকে ইউপি ভবনে এনে সাংসদ বলেন, ‘‘তুমি নির্বাচনী মাঠে থাকলে আমাদের প্রার্থী (এম এম জালালউদ্দিন) হেরে যাবে। বিএনপি জিতবে। দলের সভানেত্রী শেখ হাসিনাকে আমরা মুখ দেখাতে পারব না। তোমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে।’’’ মিজানুর রহমান বলেন, যেভাবে তাঁর ওপর চাপ দেওয়া হয়েছে তাতে তাঁর পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুর রহমান বলেন, ‘আমরা মিজানকে চাপ দিইনি। সে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমি তাকে ফোন করিনি, বরং সে আমাকে ফোন করে। চাপ দেওয়ার অভিযোগ সে আমার বিরুদ্ধে করে থাকলে—তা হবে একটি দুঃখজনক ঘটনা।’ তবে গুজবের কারণে মিজানের সমর্থকদের বিক্ষোভ করার কথা স্বীকার করেন তিনি।
আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। কোনো চাপ প্রয়োগের ঘটনা ঘটেনি।’
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন বলেন, ‘আলফাডাঙ্গায় আওয়ামী লীগের রাজনীতিতে গ্রুপিং রয়েছে। মিজান আমার সমর্থক। তাই আমি তাকে দলের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলায় সে সরে দাঁড়ায়। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় সে (মিজান) বেড়িরহাটে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এম এম জালালউদ্দিনের সমর্থনে বক্তৃতা দেবে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল খায়ের বলেন, দলীয় প্রার্থীকে নিয়ে ইউপি ভবনে সভা হয়েছে বলে তিনি শুনেছেন। ‘স্বতন্ত্র’ প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছে কি না, তা তিনি জানেন না।
প্রসঙ্গত, আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি-সমর্থিত একজন প্রার্থী রয়েছেন। আর বাকি নয়জনই আওয়ামী লীগের নেতা ও সমর্থক। তাঁদের মধ্যে এ পর্যন্ত পাঁচজন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ১৫ মার্চ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।