সাংসদের ছেলে গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হয়ে বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা চালান। এ সময় সাংসদের ছেলে বুকে গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাংসদের ছেলের নাম ইকবাল পাশা ওরফে জাবেদ (৪০)। তাঁকে পুলিশ পাহারায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শনিবার রাতে রহমতপুর এলাকায় আকবর হোসেন ফকির নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম করে এবং হাতের তিনটি আঙুল কেটে ফেলেন বিএনপির কর্মীরা। এ ঘটনার জের ধরে গতকাল রোববার সকাল থেকে রহমতপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা সশস্ত্র অবস্থায় মুখোমুখি অবস্থান নেন। এ সময় দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষ প্রায় অর্ধশতাধিক গুলিবর্ষণ করে। পুলিশও এ সময় ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের পর বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে রহমতপুর এলাকায় বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। সাংসদের বাড়ির খড়ের গাদা ও বৈঠকখানায় আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় বাড়ির জানালা খুলে তাকানোর সময় সাংসদের ছেলে গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ বড় ছেলেকে চট্টগ্রাম শহরে আনার সময় সন্দ্বীপের সাংসদ মোস্তফা কামাল পাশা সাংবাদিকদের বলেন, এভাবে বাড়িতে ঢুকে হামলার ঘটনা কখনো হয়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘উড়িরচর ইউনিয়ন থেকে জলদস্যু জাসু বাহিনীর একদল সদস্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সহায়তায় সাংসদের বাড়িতে হামলা চালানো হয়। তারা ১০টি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র অবস্থায় নির্বিচারে ভাঙচুর, গুলিবর্ষণ ও আগুন জ্বালিয়ে দেয়।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু বলেন, ‘বিএনপির কর্মীরা এ ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন। যুবলীগের কর্মীকে নির্মমভাবে জখম করে হাত কেটে দিয়েছেন বিএনপির কর্মীরা। এর প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ হয়।’
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১০টি ফাঁকা গুলিবর্ষণ করেছে। গুলিবিদ্ধ ইকবাল পাশাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।