সাংসদের জন্য অপেক্ষা ৩৮ ছাত্রী অসুস্থ
পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোিগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল বুধবার দুপুরে প্রচণ্ড গরমে ৩৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে৷
অসুস্থ ছাত্রী ও স্থানীয়রা জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ এ কে এম এ আউয়ালকে প্রধান অতিথি করা হয়৷ শিক্ষকেরা ছাত্রীদের বলেন, প্রধান অতিথি সকাল নয়টায় বিদ্যালয়ে আসবেন৷ ছাত্রীরা যেন সাড়ে আটটার মধ্যে হাজির হয়৷ ছাত্রীরা সাড়ে আটটার মধ্যেই বিদ্যালয়ে চলে আসে৷ কিন্তু প্রধান অতিথি না আসায় তারা প্রচণ্ড গরমের মধ্যেই অপেক্ষা করতে থাকে৷ সাংসদ আসেন বেলা সাড়ে ১১টার দিকে৷ এ সময় বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সময় কয়েকজন ছাত্রী অচেতন হয়ে পড়ে৷ তাদের দেখাদেখি অর্ধশত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে৷ এর মধ্যে ৩৮ জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়৷ ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়৷ গুরুতর অসুস্থ কয়েকজনকে কৃত্রিম অক্সিজেন দিয়ে রাখা হয়েছে৷
বেশ কয়েকজন অসুস্থ ছাত্রী জানায়, তাঁদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে৷ দীর্ঘক্ষণ গরমে অবস্থান করায় তারা অসুস্থ হয়ে পড়ে৷
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শংকর কুমার ঘোষ জানান, অসুস্থ শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে৷ প্রচণ্ড গরমের কারণে দুই-একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তা দেখে একধরনের ভীতি থেকে অন্যরা অসুস্থ হয়ে পড়ে৷ প্রধান শিক্ষক মো. আবদুল হালিম হাওলাদার বলেন, ‘সকালে খালি পেটে বিদ্যালয়ে আসার কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে৷’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাংসদ আউয়ালের স্ত্রী লায়লা ইরাদ বলেন, ‘ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে এমপি সাহেব পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ করে দেন৷ আমি হাসপাতালে গিয়ে ছাত্রীদের চিকিৎসার খোঁজখবর িনই৷’
সাংসদ এ কে এম এ আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছাত্রীদের অসুস্থতার বিষয়টি জানেন না বলে দাবি করেন৷ তিনি বলেন, বিদ্যালয়ে তাঁর যাওয়ার কথা ছিল বেলা ১১টায়৷ তিনি ১১টা বাজার পাঁচ মিনিট আগেই বিদ্যালয়ে উপস্থিত হন৷ এরপর ১০-১৫ মিনিট থেকে চলে আসেন৷