সাংসদের জন্য এক মাস ধরে অপেক্ষা!
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সম্পদ হস্তান্তর কার্যক্রম এখনো শুরু হয়নি। গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে সম্পদ সহায়তা হস্তান্তর করার সরকারি নির্দেশ ছিল।প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম গত মঙ্গলবার বলেন, ‘এমপি (সাংসদ) সাহেব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; কিন্তু সংসদ অধিবেশনের কারণে তিনি এত দিন সময় দিতে পারেননি। এখন সে সমস্যা আর নেই। আশা করছি, এক সপ্তাহের মধ্যে সম্পদ হস্তান্তর হয়ে যাবে।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিনের ঘর নির্মাণ, হাঁস-মুরগি পালন, সবজি চাষ, গাছের চারা রোপণ ও গবাদিপশু পালনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পের তালিকাভুক্ত সহায়-সম্বলহীন মানুষদের প্রতিজনকে ২০ হাজার টাকা মূল্যের গরু বা ঘর নির্মাণের জন্য ১০ হাজার টাকার ঢেউটিন দেওয়া হবে। উপজেলার চারটি ইউনিয়নের ২০টি গ্রামে এক হাজার ২০০ বাড়িকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রথম পর্যায়ে ৬০ জন এসব সুবিধা পাওয়ার কথা। এ জন্য এই উপজেলায় ১২ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দও এসেছে। সূত্র আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ প্রকল্পের সম্পদ হস্তান্তরের কথা থাকলেও উপজেলায় গত মঙ্গলবার পর্যন্ত তা হয়নি। অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়ন কমিটির সমন্বয়হীনতার কারণে সুফলভোগীদের মধ্যে সম্পদ হস্তান্তরে দেরি হচ্ছে।জীবনপুর গ্রামের বাদশা মিয়া বলেন, তাঁদের গ্রামের বেশ কয়েকজন এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু কবে নাগাদ এ সুবিধা পাবেন তা তাঁরা জানেন না। প্রথম পর্যায়ে যে ৬০ জন প্রকল্পের সুবিধা পাওয়ার কথা, এর মধ্যেই ১৫ জন সৈয়দপুর ইউনিয়নের। সৈয়দপুর ইউপির চেয়ারম্যান মোরতেজার রহমান জানান, কবে নাগাদ সম্পদ হস্তান্তর করা হবে তা তাঁকে জানানো হয়নি।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসলাম পারভেজ বলেন, প্রথম পর্যায়ে যে ৬০ জন সম্পদ সহায়তা পাবেন তাঁদের তালিকা করে দেওয়ার কথা গ্রামদলগুলোর। তাঁরা যথাসময়ে তালিকা দিতে না পারায় কিছুটা দেরি হয়ে গেছে। তা ছাড়া জনবল সংকটও রয়েছে। তবে অচিরেই সম্পদ সহায়তা হস্তান্তর করা হবে।