সাংসদের জন্য রাস্তায় আড়াই ঘণ্টা শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংসদ আসবেন। তাই তাঁকে স্বাগত জানানোর জন্য কলেজের শিক্ষার্থীদের আড়াই ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল ছিল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সরকারদলীয় স্থানীয় সাংসদ নবী নেওয়াজ। সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সাড়ে নয়টা থেকে কলেজের ছাত্রছাত্রীদের কলেজের সামনের রাস্তায় লাইন ধরে দাঁড় করানো হয়। এরপর চলে সাংসদের জন্য অপেক্ষা। অবশেষে দুপুর ১২টার দিকে তিনি কলেজ ক্যাম্পাসে এসে হাজির হন। শুরু হয় তাঁকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা।
এরপর কলেজের অধ্যক্ষ সাদেক আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সাংসদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ এভাবে দীর্ঘ আড়াই ঘণ্টা দাঁড় করিয়ে রাখায় তারা অনেকে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু লাইন ছাড়ার সুযোগ ছিল না। তারা আরও অভিযোগ করে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এভাবে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রাখা নিষেধ করলেও প্রতিষ্ঠানের প্রধানেরা তা মানছেন না। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু কিছুই করার ছিল না। শিক্ষকেরা চাপ দিয়ে তাদের সেখানে দাঁড় করিয়ে রাখেন। প্রথম বর্ষের ছাত্র আবদুস সালাম জানায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে তাদের খুব কষ্ট হয়েছে। অনেক শিক্ষার্থী ক্লান্ত হয়ে বসে পড়ে। শিক্ষকেরা এগিয়ে এলে আবার দাঁড়িয়ে যায়।
কলেজ ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, এভাবে লাইনে দাঁড়ানো সরকারের উচ্চপর্যায় থেকে নিষেধ করা হয়েছে। ফলে বিষয়টিকে তাঁরা সমর্থন করতে পারেন না। কিন্তু একটি বিশেষ মহল বিশেষ ব্যক্তিকে সন্তুষ্ট করতে এই কাজটি করেছে। এটা ঠিক হয়নি। কলেজের অধ্যক্ষ সাদেক আলী জানান, শিক্ষার্থীদের আড়াই ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল কথাটি ঠিক নয়। সাংসদের আগমনের খবর পাওয়ার পর শিক্ষার্থীদের লাইনে দাঁড় করানো হয়। সেখানে তিনিসহ অন্য শিক্ষকেরাও ছিলেন।