সাংসদের জমি দখলের বিষয় জানতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঠাকুরগাঁওয়ের সাংসদ দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন এবং তাঁর বাহিনীর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও জমি দখলের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আজিমুদ্দিন বিশ্বাসের স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
প্রসঙ্গত ‘ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আতঙ্কে, সংখ্যালঘুদের জমি দখলে নেমেছেন সাংসদ’ শিরোনামে গত ২৯ জুলাই প্রথম আলোতে খবরটি প্রকাশিত হয়েছিল। ওই দিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথম আলো পত্রিকার সব কপি কিছু লোক কিনে নিয়েছিলেন। ফলে ওই দিন উপজেলার সব পাঠক প্রথম আলো পাননি। 
ঠাকুরগাঁও-২ আসনের সরকারদলীয় সাংসদ দবিরুল ইসলাম ও তাঁর ছেলে মাজহারুল ইসলাম বিরুদ্ধে স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি দখল, তাদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। নির্যাতিত ব্যক্তিদের মধ্যে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের এক নেতার পরিবারও আছে। দবিরুল ইসলাম তাঁর সংসদীয় আসনের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের রনবাগ নামক স্থানে রনবাগ ইসলামী টি এস্টেট কোম্পানি লিমিটেড নামে একটি চা-বাগান গড়ে তুলেছেন। ১০৬ একর আয়তনের ওই বাগানের মাঝখানে অকুল চন্দ্র সিংয়ের ২১ বিঘা জমি, ভাকারাম সিং ও জনক চন্দ্র সিংয়ের ২৭ বিঘা জমি, থোনরাম সিংয়ের ২৪ বিঘা, ক্ষুদনলালের ২৪ বিঘা চা-বাগানসহ ১০টি হিন্দু পরিবারের চা-বাগান ও আবাদি জমি রয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দলের রনবাগ এলাকা পরিদর্শন 
এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল আজ বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রনবাগ এলাকা পরিদর্শন করেছেন। হিন্দু বৌদ্ধ খি৶ষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নিম চন্দ্র ভৌমিকের নেতৃত্বে ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ সংগঠনের সাত-আটজন নেতা-কর্মী রনবাগ এলাকায় যান। 

সেখানে প্রতিনিধি দল হামলার শিকার ও দখল হওয়া এলাকা পরিদর্শন করেন। তাঁরা সাংসদের পক্ষের লোকজনের সঙ্গে কথা বলেন। সাংসদের ছোট ভাই প্রতিনিধি দলকে জানান, তাঁরা ঘটনাটির দ্রুত সমাধান চান, এ জন্য তিনি ঐক্য পরিষদের নেতাদের উদ্যোগ নিতে অনুরোধ জানান।
পরে প্রতিনিধি দল ধায়াপাড়া গ্রামে গিয়ে ভুক্তভোগী অকুল সিং, গোকুল সিং ও বুধুরাম সিংয়ের সঙ্গে মতবিনিময় করেন। ভুক্তভোগীরা সে সময় জমি দখলের ঘটনা ও সাংসদের লোকজন তাঁদের ওপর যেভাবে নির্যাতন চালিয়েছে তা তুলে ধরেন।
বিকেলে নিম চন্দ্র ভৌমিক সার্কিট হাউস সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ রায়, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত বক্তব্য দেন।
নিম চন্দ্র ভৌমিক সাংবাদিকদের বলেন, ‘জমি নিয়ে সাংসদের সঙ্গে স্থানীয়দের একটা বিরোধ ছিল। এ বিরোধ নিয়ে সাংসদের লোকজনের সঙ্গে গ্রামবাসীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হামলায় রূপ নেয়। হামলায় গ্রামবাসী আহত হন। তবে জমির বিভেদ নিয়ে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা কাম্য নয়। যেটুকু ঘটনা ঘটেছে তার দ্রুত সমাধান হওয়া উচিত। আর সমাধানের উদ্যোগ নিতে হবে সাংসদ দবিরুল ইসলামকেই।’
নিম চন্দ্র ভৌমিক আরও বলেন, ঐক্য পরিষদের পক্ষ থেকে সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। এ কমিটি দুপক্ষের সঙ্গে বসে সমাধানের পথ বের করবেন।