সাংসদের জামাতাকে বেআইনিভাবে নিয়োগ প্রতিবাদে মৌন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বেআইনিভাবে সাংসদের জামাতাকে সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়ার প্রতিবাদ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’। তারা গতকাল বুধবার দুপুর ১২টায় মৌন মিছিল ও একটায় ক্যাম্পাসে সংবাদ সমেঞ্চলন করে। এ সময় তাঁরা ওই শিক্ষকের নিয়োগ বাতিলের দাবি জানান।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সোনালী দলের সভাপতি ইসমাইল হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান। লিখিত বক্তব্যে বলা হয়, ৩০০তম অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক পদে হুমায়ুন কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে নিয়োগের জন্য নিয়ম অনুযায়ী পিএইচডি ডিগ্রি বা স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হয়, যার একটিও হুমায়ুন কবীরের নেই। বিশ্ববিদ্যালয়ের মেধাক্রমের ৭ শতাংশের যে নিয়ম রয়েছে, তা-ও মানা হয়নি নিয়োগে। শুধু স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য অধ্যক্ষ মতিউর রহমানের জামাতা যোগ্যতায় তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। ওই শিক্ষকের নিয়োগ বাতিল না করলে আন্দোলন গড়ে তোলা হবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা বন্ধসহ সর্বাত্মক শিক্ষক ধর্মঘটের আহ্বান করা হবে। ‘উপাচার্য মো. রফিকুল হক বলেন, ‘নিয়োগটি বেআইনিভাবে হয়েছে বলে আমার জানা নেই।’