সাংসদের জামিন আবেদন তৃতীয় দফায় নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
তবে বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় মন্জুরুলের জামিন মঞ্জুর করেছেন আদালত। শুনানির সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন না।
সাংসদ মন্জুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা গতকাল দুই মামলায় জামিনের জন্য আদালতে আবেদন জানাই। আদালত বাড়ি ভাঙচুর ও লুটপাটের মামলার জামিন আবেদন মঞ্জুর করেন। কিন্তু শাহাদাত হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় জামিনের আবেদন তৃতীয় দফায় নামঞ্জুর করেছেন আদালত।
গত ১৪ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মন্জুরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাঁকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই দিন দুপুরে তাঁকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দ্বিতীয় দফায় গত ২৫ অক্টোবর একই আদালত দুটি মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ২ অক্টোবর সাংসদ মন্জুরুল ইসলামের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়। পরদিন সাংসদকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। ওই দিনই আরেক ঘটনায় সাংসদ ও তাঁর লোকজন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মণ্ডল নামে এক লোকের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালান। ৭ অক্টোবর সাংসদসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন হাফিজার মণ্ডল। গতকাল এই মামলায় সাংসদকে জামিন দেন আদালত।