সাংসদের জামিন না হওয়ায় শাহাদাতের বাবা-মায়ের স্বস্তি
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলামের আগাম জামিন না হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর গুলিতে আহত শিশু শাহাদাতের বাবা ও মা।
গতকাল সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত শাহাদাতের পাশে বসে ছেলেকে আদর করছেন তার মা সেলিনা বেগম। তখন সাংসদের জামিন না হওয়ার খবর শোনালে তাঁর চোখে একটু খুশির ঝিলিক দেখা যায়। তবে পরক্ষণেই সেই খুশি মিলিয়ে যায়। আক্ষেপ করে বলেন, ‘ছইলটার দুই পায়োত গুলি নাগার এত দিনেও এমপির কিছু হইল না। খালি শুননো জামিন নাকি বাতিল হইছে।’
এমপির জামিন বাতিল হয়েছে—এ খবর শোনার পর শিশুটির মা-বাবার মনে কিছুটা স্বস্তি এলেও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পর কী হবে, তা নিয়ে তাঁরা এখন শঙ্কিত। নয় বছরের শিশুটির গুলি লাগা দুই পায়ে গতকালও ব্যান্ডেজ ছিল। আগের থেকে পায়ের ব্যথা কিছুটা কমেছে। মা সেলিনা বেগম তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন ঘটনার দিন থেকে।
শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক বাবলু কুমার সাহা বলেন, গুলিতে বাঁ পায়ের হাঁটুর নিচে একদিক দিয়ে মাংসপেশি ভেদ হয়ে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে। ব্যথা কমানোর জন্য এই স্থানটুকু ব্যান্ডেজ করা হয়েছে। বিছানায় পা নড়াচড়া করার কারণে ব্যথা একটু বেড়ে যায়। তবে ধীরে ধীরে শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে।
২ অক্টোবর সকালে গুলিবিদ্ধ হয় শিশু শাহাদাত।