
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুল ইসলাম ওরফে লিটন স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিজের গাড়ির ক্ষতি হওয়ার কথা বললেও বাস্তবে ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গাড়ি ভাঙেনি, তারপরও এজাহারে উল্লেখ করা হয়েছে কেন, জানতে চাইলে সাংসদের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহানের দাবি, সাংসদের গাড়ির কাচ ফেটেছে। সাংসদের দেওয়া এজাহারে গাড়ি ভাঙার বিষয়ে তদন্তে কী পাওয়া গেছে, জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে সাংসদের গাড়ির কাচ ভাঙা বা ফেটে যাওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
২ অক্টোবর সাংসদ মন্জুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন আহত হয়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার চার দিন পর মন্জুরুল ইসলাম সুন্দরগঞ্জ থানায় জিডি করেন। ওই জিডিতে তিনি বলেন, ২ অক্টোবর ভোর আনুমানিক পাঁচটার দিকে তিস্তা নদীর মাছ কেনার জন্য তিনি তাঁর নিজের ব্যবহৃত গাড়ি (ল্যান্ড ক্রুজার ভিএক্স), যার নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৫-০৪০২ চালিয়ে হরিপুর খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আনুমানিক সাড়ে পাঁচটার দিকে গোপালচরণ ব্র্যাক মোড়ে পৌঁছালে দুজন নারী হঠাৎ করে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে পথ রোধ করেন। তখন তিনি দেখতে পান জামায়াত-শিবিরের ১৫-২০ জন সশস্ত্র কর্মী বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে মারার উদ্দেশ্যে গাড়ির দিকে এগিয়ে আসছেন। এর মধ্য থেকে একজন একটি ইট দিয়ে তাঁকে মারার উদ্দেশ্যে তাঁর গাড়ির সম্মুখভাগের অংশে ঢিল ছোড়ে। ওই ঢিলে তাঁর গাড়ির সামনের অংশের কাচ ভেঙে ফেটে যায় এবং গাড়ির আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে তিনি জিডিতে দাবি করেন। জিডিতে আরও বলা হয়, তখন তিনি তাঁর জীবন রক্ষার্থে নিজের গাড়ি ঘুরিয়ে নেন এবং তাঁর লাইসেন্স করা পিস্তল থেকে ফাঁকা গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বাড়ির দিকে চলে আসেন।
যদিও ঘটনার দিন সাংসদের গাড়ির কোনো ক্ষতি হয়নি। ঘটনার সময় তাঁর ব্যবহৃত গাড়ির ছবি ৩ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, সাংসদ মিথ্যা এজাহার দিয়ে শিশু সৌরভকে গুলি করার ঘটনা আড়াল করতে চাইছেন। সাংসদের অন্যান্য দাবিও মিথ্যা। প্রকৃত ঘটনার কথা সবাই জানেন।

সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার পর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাও হয়েছে। এই মামলায় আগাম জামিন চেয়ে গতকাল হাইকোর্টে আবেদন করেছেন সাংসদ মন্জুরুল। তাঁর আইনজীবী মোকছেদুল ইসলাম বলেন, চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
আনন্দ শোভাযাত্রা থেকে প্রতিবাদ: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গতকাল সুন্দরগঞ্জ উপজেলা শহরে আনন্দ শোভাযাত্রা বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কিন্তু সেটি পরিণত হয় শিশু শাহাদাতকে গুলি করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে।
সুন্দরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গতকাল শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মী ছাড়াও সুন্দরগঞ্জের বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তারা শিশু শাহাদাতের ওপর গুলিবর্ষণকারী সাংসদ মন্জুরুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।
সাংসদের পক্ষে মিছিল: গতকাল সন্ধ্যায় সাংসদ মন্জুরুল ইসলামের পক্ষে উপজেলা শহরে মিছিল করেন তাঁর সমর্থক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলামের নেতৃত্বে মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। এখানে এক সমাবেশে বক্তারা সাংসদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।