সাংসদের দুঃখ প্রকাশ ভাস্কর্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নরসিংদীর মনোহরদীতে উদ্ধার করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে মনোহরদী পৌরসভার সামনে থেকে স্থানীয় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ উদ্যোগে ভাস্কর্যটি উদ্ধার করা হয়। দেড় বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ভাস্কর্যটি অযত্নে-অবহেলায় বিজয় মেলার মাঠে ফেলে রাখেন।
প্রথম আলোর বিশাল বাংলায় গত শনিবার ‘মুজিব সেনাদের কাছেই অনাদরে তাঁরই ভাস্কর্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ পায়। বিষয়টি স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দৃষ্টিগোচর হয়। পরে ইউএনও গোলাম মোস্তফার সহযোগিতায় ভাস্কর্যটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয়ভাবে ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষমতায় আসার পর থেকে মনোহরদী উপজেলা আওয়ামী লীগ বিজয় মেলার আয়োজন করে। বিতর্কিত এ মেলার আয়োজনে আওয়ামী লীগের নাম ব্যবহার না করে ‘আমরা কজন মজিব সেনা’ নামের অস্তিত্ববিহীন একটি সংগঠনের নাম ব্যবহার করে থাকেন আওয়ামী লীগের নেতারা। মাসব্যাপী এ মেলায় বিজয়ের চেতনাকে উপস্থাপন করতে স্বাধীনতাস্তম্ভ, শহীদ মিনার, জাতীয় সঞ্চৃতিসৌধের প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের ভাস্কর্য প্রদর্শন করা হয়। তবে বিজয়ের চেতনাকে সামনে রেখে মেলা আয়োজন করা হলেও আয়ের মাধ্যম থাকে জুয়া, হাউজি আর অশ্লীল নাচ। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গতবছর মেলার আয়োজন করা সম্ভব হয়নি। ২০১২ সালের মেলায় প্রদর্শিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের ভাস্কর্যগুলো অবহেলা ও অনাদরে মেলার মাঠেই ফেলে রাখেন আয়োজকেরা।
সাংসদ নুরুল মজিদ মাহমুদ বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই ভাস্কর্য এমন অবহেলা-অযত্নে ফেলে রাখা খুবই দুঃখজনক।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ইউএনও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ক্ষেত্রে কিছু বিধিবিধান থাকা উচিত, যাতে যে কেউ এসব ভাস্কর্য দিয়ে ব্যবসা করতে না পারে।