সাংসদের দুই ভাতিজার বিরুদ্ধে আদালতের সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জমিতে গতকাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গতকালই এর প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্ররা মানববন্ধন করে l ছবি: প্রথম আলো
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জমিতে গতকাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গতকালই এর প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্ররা মানববন্ধন করে l ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি কাজে বাধা দেওয়া ও অবৈধভাবে সড়কবাতি স্থাপনের অভিযোগে করা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাংসদের দুই ভাতিজার বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন। গত ৩১ আগস্ট সিলেটের বিদ্যুৎ আদালত তাঁদের বিরুদ্ধে ওই আদেশ দেন।

যাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে তাঁরা হলেন সাংসদ আবদুল মতিনের ভাতিজা আবদুল হাদি ও আবদুল হালিম। ২৫ সেপ্টেম্বর তাঁদের সিলেটের বিদ্যুৎ আদালতে হাজির হতে বলা হয়েছে। হাদি ও হালিম উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের আবদুস সালামের ছেলে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়চন্ডীর দক্ষিণ গিয়াসনগর-কামারকান্দি-লামারগাঁও রাস্তায় প্রায় দুই মাস আগে পিডিবির ১৮টি খুঁটিতে ১৮টি সড়কবাতি স্থাপন করা হয়। মিটার স্থাপন ছাড়াই অবৈধভাবে বিদ্যুতের সরবরাহ লাইন থেকে সরাসরি এসব বাতির সংযোগ দেওয়া হয়। ওই রাস্তার কামারকান্দি গ্রামে সাংসদ আবদুল মতিনের বাড়ি। গত ২৩ আগস্ট পিডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে স্থাপন করা সড়কবাতি খুলে আনে। এ সময় আবদুল হাদির নেতৃত্বে একদল দুর্বৃত্ত পিডিবি কমকর্তাদের পথ রোধ করে বাতিগুলো ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে পিডিবির কুলাউড়া সরবরাহ ও বিতরণকেন্দ্রের সহকারী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে ওই দিনই হাদি ও হালিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ৩১ আগস্ট সমন জারি হয়।

তবে সাংসদের ভাতিজা আবদুল হাদি বলেন, ঘটনার সময় তিনি এলাকার বাইরে ছিলেন। ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের মামলায় জড়ানো হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সড়কবাতি স্থাপনের অভিযোগও সঠিক নয়। বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আবদুল হালিমের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

পিডিবির সহকারী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামান বলেন, মামলার এজাহারের সঙ্গে মুঠোফোনের ক্যামেরায় ধারণ করা অবৈধভাবে সড়কবাতি স্থাপনের ভিডিওচিত্র আদালতে দাখিল করা হয়েছে।

পিডিবির খুঁটিতে সড়কবাতি স্থাপন করার বিষয়ে গত ২৩ আগস্ট প্রথম আলোয় ‘সাংসদের গ্রামের রাস্তায় অবৈধ সড়কবাতি!’ শিরোনামে একটি সচিত্র সংবাদ ছাপা হয়।