সাংসদের দেওয়া তথ্য অসত্য: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান। ফাইল ছবি
শাজাহান খান। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে লস্কর পদে নিয়োগ নিয়ে দুই সাংসদের দেওয়া তথ্য অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে এ বিষয়ে বক্তব্য দেন শাজাহান খান। তিনি জাসদের সাংসদ মঈন উদ্দিন খান বাদল ও জাতীয় পার্টির সাংসদ জিয়া উদ্দীন আহমেদকে তাঁদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

গত রোববার সংসদে মঈন উদ্দীন খান সংসদে অভিযোগ করেছিলেন, চট্টগ্রাম বন্দরে লস্করের পদে ৯২ জনকে নির্বাচন করা হয়েছে। তার মধ্যে মাত্র দুজন চট্টগ্রামের, আর ৯০ জন অন্য একটি জেলার। একই ধরনের বক্তব্য দেন জিয়া উদ্দীন।

এ বিষয়ে নৌমন্ত্রী বলেন, মঈন উদ্দীন খানের বক্তব্যটি সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। ৯২ জন নয় লস্করের চাকরি দেওয়া হয়েছে ৮৫ জনকে। চাকরির বিধান অনুযায়ী এবং কোটা অনুসরণ করে চাকরি দেওয়া হয়েছে।

নৌমন্ত্রী বলেন, জেলা কোটার কথা যদি আসে, তবে আগামী ৩০ বছরের মধ্যেও চট্টগ্রামের কোনো কোটায় চাকরি পাওয়ার কথা নয়। তারপরও বন্দর যেহেতু চট্টগ্রামে, তাই চট্টগ্রামের বিষয়টি জেলা কোটায় ফেলা হয় না। 

শাজাহান খান বলেন, বৃহত্তর চট্টগ্রামের ২৯ জনকে চাকরি দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ২৩ জন, কক্সবাজারের ৪ জন, পার্বত্য চট্টগ্রামের ২ জন। এ ছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ চাকরি পেয়েছেন।
শাজাহান খান বলেন, ‘এখানে যেহেতু শুধু মৌখিক পরীক্ষা হয়, সেহেতু আমাদের অনেক সংসদ সদস্য, মন্ত্রী যাঁরা আমাদের অনুরোধ করেন, আমরা সেভাবে দিয়ে থাকি।’
নৌমন্ত্রী বলেন, ‘যিনি এ অভিযোগটি করলেন, তিনি হলেন মঈন উদ্দীন খান বাদল। তিনি যে অভিযোগটি করেছেন, আমি তাকে জিজ্ঞাসা করি, মনসুর আলী, পিতা-সিরাজুর রহমান, রোল নম্বর-জে ০১৪৩২। এ ছেলেটির চাকরি তাঁর অনুরোধে দেওয়া হয়েছে।’
নৌমন্ত্রী বলেন, জিয়া উদ্দীন বাবলু চাকরির ব্যাপারে এ পর্যন্ত বলেননি। তাঁর দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অনুরোধ করেছিলেন, তাঁরও একটা অনুরোধ রাখা হয়েছে। তিনি বলেন, বিপুলসংখ্যক পরীক্ষার্থীর একসঙ্গে পরীক্ষা নেওয়ার সক্ষমতা চট্টগ্রামের নেই। সে কারণে ঢাকায় পরীক্ষা নেওয়া হয়।