সাংসদের নাম না থাকায় ইউএনওর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের দাওয়াতপত্রে স্থানীয় সাংসদের নাম না থাকায় ক্ষুব্ধ হয়েছেন তাঁর অনুসারীরা। এর প্রতিবাদে তাঁরা গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।জানা গেছে, বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে নবীনগর উপজেলা প্রশাসন এক দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এ জন্য একটি দাওয়াতপত্র স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নামে পাঠানো হয়েছে। কিন্তু ওই দাওয়াতপত্রে স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদের নাম অন্তর্ভুক্ত না করায় তাঁর অনুসারীরা ক্ষুব্ধ হন। মঙ্গলবার রাত নয়টার দিকে সাংসদের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শিবশংকর দাস, জসিম উদ্দিন আহমেদ, জহির উদ্দিন চৌধুরী, সুজিত কুমার দেব ও নিয়াজুল হকের নেতৃত্বে তাঁরা ইউএনওর কার্যালয় ঘেরাও করেন। বিলি করা দাওয়াতপত্র প্রত্যাহার করে সাংসদের নাম অন্তর্ভুক্ত করে নতুন দাওয়াতপত্র তৈরির দাবি জানান তাঁরা।এ বিষয়ে আওয়ামী লীগের নেতা শিবশংকর দাস ও জসিম উদ্দিন আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে এমপিকে বাদ দেওয়ার এ ধৃষ্টতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি মহলের ইঙ্গিতে উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে মাননীয় সাংসদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে বিলি করা ওইসব দাওয়াতপত্র প্রত্যাহার করে এমপির নাম সংযোজনসহ নতুন দাওয়াতপত্র তৈরি করা না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।’এ বিষয়ে জানতে গতকাল বুধবার ইউএনও মো. সামছুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।দাওয়াতপত্রে নাম না থাকায় সাংসদ জিকরুল আহমেদও ক্ষুব্ধ। তিনি গতকাল প্রথম আলোকে জানান, বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে মঙ্গলবার রাতেই জানানো হয়েছে।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’