সাংসদের নাম ভাঙিয়ে গাছ কাটলেন যুবলীগের নেতা
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া এলাকার একটি সড়কের ধারে ব্যক্তিগত উদ্যোগে রোপণ করা বিপুল পরিমাণ গাছ কেটেছেন যুবলীগের এক নেতা।বালিপাড়া ইউনিয়নের ৪ নম্বর খোলপটুয়া ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক মুন্সি ও তাঁর সহযোগীরা গাছগুলোর কাঠ দিয়ে পিরোজপুর সদর আসনের সাংসদ এ কে এম আউয়ালের নামে এলাকায় একটি ক্লাবঘর তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন।এ ব্যাপারে সাংসদ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘মানুষ এমনিতেই আমাকে ভালোবাসে। আমার নামে ক্লাব করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমি সব সময়ই দুর্বৃত্তপনার বিরুদ্ধে। যারা অন্যের জমি থেকে গাছ কেটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’জিয়ানগরের বালিপাড়া ইউনিয়নের চানসিরাজিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শরিফ সুলতান মাহমুদ বলেন, ‘গত বুধবার ফারুক মুন্সিসহ কয়েকজন ৫০ থেকে ৬০টি মেহগনি ও চাম্বলগাছ কেটে নিয়ে যায়। আমি, সুলতান শরিফ, শাকিল শরিফ, সোহরাব শরিফ, গফ্ফার ও সোবহান আমাদের বাড়ির সামনে গাছগুলো রোপণ করি। ইউনিয়ন পরিষদের রাস্তার ধারে আমাদের নিজ নিজ বাড়ির সামনে গাছগুলো রোপণ করেছিলাম। গাছগুলো কেটে নেওয়ার সময় তারা বলেছে, স্থানীয় সাংসদ আউয়ালের নামে এলাকায় একটি ক্লাবঘর করা হবে।’ গাছগুলোর বাজারমূল্য তিন লাখ টাকা বলে অধ্যক্ষ দাবি করেন।বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নূর মোহাম্মদ বলেন, ‘গাছগুলো এলাকাবাসী নিজ উদ্যোগে যার যার বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের রাস্তার ধারে রোপণ করেছে। এ গাছগুলোর মালিক তারাই। গাছ কাটা হচ্ছে, এ খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তারা জানায়, এ কাঠগুলো দিয়ে স্থানীয় সাংসদের নামে একটি ক্লাবঘর তৈরি করা হবে। কাটার বিষয়ে তিনি (ফারুক মুন্সি) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে জানিয়েছেন বলে আমাকে জানান।’যুবলীগের নেতা ফারুক মুন্সি জানান, ‘তিনি মাত্র সাতটি গাছ কেটেছেন। গাছগুলো কেন কাটা হয়েছে জানাতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।’ জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘ফারুক মুন্সি ও তাঁর সহযোগীদের খোলপটুয়া থেকে গাছ কাটার বিষয়টি কিছুই জানি না। সাংসদ আউয়ালের নামে এলাকায় যদি কোনো ক্লাব বা প্রতিষ্ঠান করতে হয়, তাহলে আমরা সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান জানান, ফারুক মুন্সি পিরোজপুর সদর আসনের সাংসদের নামে ক্লাব করার অজুহাত দেখিয়ে যে গাছগুলো কেটেছে, তা ঠিক হয়নি। তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুরের জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ইউনিয়ন পরিষদের বাসিন্দারা যার যার বাড়ির সামনের সড়কের ধারে যে গাছগুলো রোপণ করেছে, এগুলোর মালিক তারাই। মালিক ছাড়া কেউ এ গাছ কেটে নিতে পারবে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কেউই এ পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।