সাংসদের নাম ভাঙিয়ে রাউজানে সন্ত্রাস চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের আওয়ামী লীগ-সমর্থক চারজন চেয়ারম্যান পদপ্রার্থী অভিযোগ করেছেন, স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে রাউজানের বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। ফলে আওয়ামী লীগের প্রার্থী হয়েও তাঁরা এলাকায় যেতে পারছেন না। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চার চেয়ারম্যান প্রার্থী এ অভিযোগ করেন। তাঁরা আরও অভিযোগ করেন, নিজেদের অনুপস্থিতির কারণে কর্মী-সমর্থকেরা প্রচারকাজ চালানোর চেষ্টা করলে তাদেরও মারধর করা হচ্ছে। বিষয়টি তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। কিন্তু কোনো প্রতিকার হয়নি। প্রার্থীরা নির্বাচনের দিন ও পরের দিন রাউজানে র্যাব মোতায়েনের দাবি জানান। চার চেয়ারম্যান পদপ্রার্থী হলেন: ডাবুয়া ইউপির আবদুর রহমান চৌধুরী, উরকিরচরের মো. আনোয়ার চৌধুরী, নোয়াপাড়ার নুর আহমদ ও রাউজান সদর ইউপির মো. দিদারুল আলম। ১৮ জুন রাউজানে ভোট গ্রহণের দিন ধার্য আছে। সংবাদ সম্মেলনে চার চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনের আগে রাউজান উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।