সাংসদের নামে সরকারি জমিতে দোকান নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সাংসদের নাম ভাঙিয়ে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের জন্য উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভায় একটি রেজ্যুলেশন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রতারণার আশ্রয় নিয়ে এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের দক্ষিণ দিকে সোনামুখী সড়কের পূর্ব পাশে সরকারি পাঁচ শতাংশ জমি আছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী গত সেপ্টেম্বর মাসে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় বগুড়া-৫ আসনের (ধুনট-শেরপুর) সাংসদের নাম দিয়ে ওই জমিতে ১০-১২টি দোকানঘর নির্মাণ করার জন্য একটি রেজ্যুলেশন করেন। ওই সভায় সাংসদ উপস্থিত ছিলেন না। ২৪ অক্টোবর সমন্বয় কমিটির মাসিক সভায় সাংসদের উপস্থিতিতে মথুরাপুর ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান এই জাল রেজ্যুলেশনের বিষয়ে প্রতিবাদ করেন। সাংসদ বিষয়টি জানতে পেরে দোকানঘর নির্মাণ ও জমি বরাদ্দের প্রক্রিয়া বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন।
মাহবুবুর রহমান অভিযোগ করেছেন, প্রতিবাদ করায় উপজেলা চেয়ারম্যান তাঁকে হুমকি দিয়েছেন। বিষয়টি ইউএনও ও ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে।
টি আই এম নুরুন্নবী দাবি করেন, সাংসদের নির্দেশেই সরকারি জমিতে দোকান নির্মাণের জন্য সেপ্টেম্বর মাসের উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় রেজ্যুলেশন করা হয়েছে। অক্টোবর মাসে সমন্বয় কমিটির সভায় সাংসদ ওই রেজ্যুলেশন অনুমোদন করেছেন। তিনি মথুরাপুর ইউপির চেয়ারম্যানকে কোনো হুমকি দেননি।
সাংসদ হাবিবুর রহমান বলেন, ‘সেপ্টেম্বর মাসে আমি দেশের বাইরে থাকায় উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলাম না। তাঁরা কীভাবে আমার বরাত দিয়ে রেজ্যুলেশন করেছেন, তা আমার জানা নেই। সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করার কোনো আইন নেই। এ কারণে আমি বিষয়টি জানার পর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’
ইউএনও হাফিজুর রহমান বলেন, ‘সাংসদ সমন্বয় কমিটির সভায় উপস্থিত না থাকায় চেয়ারম্যান সাহেব তাঁর (সাংসদ) সঙ্গে অন্যভাবে কথা বলে রেজ্যুলেশন করেছিলেন। পরে সাংসদের নির্দেশে ওই প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। হুমকি দেওয়ার বিষয়ে আমার জানা নেই।’