সাংসদের নির্দেশও কাজে এল না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর-বাঘাডাঙ্গা সড়কটির সংস্কারকাজ পরিদর্শন করছেন সাংসদ নবী নেওয়াজ। ছবিটি ২৪ মার্চ তোলা l প্রথম আলো
ঝিনাইদহের মহেশপুর-বাঘাডাঙ্গা সড়কটির সংস্কারকাজ পরিদর্শন করছেন সাংসদ নবী নেওয়াজ। ছবিটি ২৪ মার্চ তোলা l প্রথম আলো

ঝিনাইদহের মহেশপুরে একটি সড়ক সংস্কারে ময়লাযুক্ত মাটি আর নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদ সড়কটি দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। এরপরও সেই সামগ্রী দিয়েই কাজ শেষ করা হচ্ছে। সাংসদ ক্ষুব্ধ হয়ে এ বিষয়ে এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মহেশপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আলেয়া খাতুন প্রথম আলোকে বলেন, সাংসদের অভিযোগের পর এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তাঁরা কাজ করার নির্দেশ দিয়ে গেছেন। এ কারণে উপজেলা এলজিইডি ঠিকাদারকে আবার কাজ শুরুর অনুমতি দিয়েছে। কাজটি এখন শেষ পর্যায়ে রয়েছে।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, মহেশপুর শহর থেকে একটি সড়ক গেছে বাঘাডাঙ্গা পর্যন্ত। এ সড়কের জলিলপুর মোড় থেকে নস্তি দাসপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের অবস্থা সম্প্রতি খারাপ হয়ে যায়। এ অংশটি মেরামতের জন্য প্রায় ৬০ লাখ টাকার বরাদ্দ দেয় এলজিইডি। দরপত্রের মাধ্যমে কাজটি পান ঠিকাদার মো. আসাদুজ্জামান। গত মাসের শুরুতে সংস্কারকাজ শুরু হয়।
কার্যাদেশ অনুযায়ী, মূল সড়কে পেভার মেশিন দিয়ে পিচের কার্পেটিং করার কথা। আর সড়কের পাশে বিছানো ইট উঠিয়ে সেই স্থানে বালু ফেলে নতুন করে ইট বিছাতে হবে।
এলাকার কয়েকজন জানান, সরকারদলীয় স্থানীয় সাংসদ নবী নেওয়াজ গত ২৪ মার্চ ওই সড়ক দিয়ে বাঘাডাঙ্গায় যাচ্ছিলেন। সড়ক সংস্কার হচ্ছে দেখে তিনি গাড়ি থেকে নামেন। সাংসদ বেশ কিছুদূর হেঁটে দেখতে পান, সংস্কারকাজে নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পাশাপাশি তিনি তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি নিম্নমানের সামগ্রী দ্রুত বাদ দিয়ে কার্যাদেশমতো ভালো সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশ দিয়ে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে সাংসদ নবী নেওয়াজ ২৭ মার্চ প্রথম আলোকে বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে খুব দ্রুতই সড়কটি ভেঙেচুরে আগের মতো হয়ে যাবে। এ কারণে তিনি কাজ বন্ধ করার নির্দেশ দেন।
এদিকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাংসদের আদেশ উপেক্ষা করে পরদিনই সড়কটির সংস্কারকাজ শুরু করা হয়। আগের সেই সামগ্রী দিয়েই কাজ করা হয়। এর মধ্যে রয়েছে খুবই নিম্নমানের ইট। এ ছাড়া যে বালু ব্যবহার করা হয়েছে, তা দেখতে ধুলার মতো। ময়লাযুক্ত মাটি আর লতাপাতাযুক্ত বালু দিয়ে কাজ করা হচ্ছে। পিচের কার্পেটিংয়েও ময়লা-আবর্জনা থাকছে।
ঠিকাদার মো. আসাদুজ্জামান বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক নয়। সাংসদ নবী নেওয়াজকে ভুল বোঝানো হয়েছে। পিচের মধ্যে দু-চারটি পাতা পড়ে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু গাছের নিচে কাজ করতে গেলে এ রকম পাতা পড়তেই পারে। আর রাস্তার পাশে আগে যে ইট ব্যবহার করা হয়েছে, তিনি ওই ইটই ব্যবহার করেছেন। শুধু ইট ওঠানোর সময় যেগুলো ভেঙে গেছে, সেগুলো খোয়া তৈরি করে দিয়েছেন।
তবে সাংসদ নবী নেওয়াজ গত শনিবার প্রথম আলোকে বলেন, তিনি নিজে গিয়ে দেখেছেন, নিম্নমানের কাজ হচ্ছে। নির্দেশ দেওয়ার পরও কীভাবে সেই সামগ্রী দিয়েই আবার কাজ করা হলো, বিষয়টি তাঁর বোধগম্য নয়। তিনি গত বৃহস্পতিবার এলজিইডির প্রধান প্রকৌশলীকে আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন। এতে নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন কাজ করা হলো, তা জানতে চেয়েছেন তিনি।