সাংসদের নির্দেশে তোলা হচ্ছে সড়কের ইট
স্থানীয় সাংসদের নির্দেশে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ-খলাপাড়া সড়ক থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী কয়েকজন শ্রমিক নিয়োগ করে ইট তুলে নিচ্ছেন। এ অবস্থায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধরমপাশা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাদশাগঞ্জ-খলাপাড়া সড়কটির দৈর্ঘ্য আধা কিলোমিটার। এটি মনাই নদীর তীরে অবস্থিত। এ সড়ক দিয়ে বাদশাগঞ্জ, খলাপাড়া, কাকিয়াম, মীর্জাপুর, গাবী ও শরিশ্যাম গ্রামের মানুষ চলাচল করে। চার বছর আগে এলজিইডি সড়কটির ওপর ইট বিছিয়ে দেয় এবং অন্যান্য উন্নয়ন কাজ করে। গত বৃহস্পতিবার সকাল থেকে সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বেনুয়ার হোসেন খান চারজন শ্রমিক নিয়োগ করে এ সড়ক থেকে ইট তুলে নিচ্ছেন।গতকাল শুক্রবার সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, চারজন শ্রমিক সড়ক খুঁড়ে ইট তুলছেন। তাঁরা জানান, বেনুয়ার হোসেনের নির্দেশে তাঁরা সড়ক থেকে ইট তুলছেন। বেনুয়ার হোসেন দাবি করেন, কাছাকাছি আরেকটি বিকল্প সড়ক থাকায় বর্তমানে এ সড়কটি জনগণের কোনো কাজে আসছে না। তাই তিনি স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের নির্দেশে সড়কের ইট তুলে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন বেহাল সড়ক পাকাকরণের কাজে লাগাচ্ছেন। এ নিয়ে সাংসদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন। উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূরুল আলম চৌধুরী বলেন, ‘সড়কের ইট তুলে নেওয়ার জন্য আমরা কাউকে অনুমতি দিইনি। এমনকি কেউ এ কাজ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ইউএনও মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি না। কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে সড়কের ইট তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ বেআইনি।’ সাংসদ মোয়াজ্জেম হোসেন জানান, এ সড়কটি উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য ওই সড়ক থেকে ইট তুলে নিয়ে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন বেহাল সড়ক পাকাকরণের কাজে ব্যবহার করা হচ্ছে।