সাংসদের নির্দেশে ভাঙা হলো ফাঁড়ির দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা এলাকায় নির্মাণাধীন পুলিশ ফাঁড়ির দেয়াল গতকাল রোববার ভেঙে দেওয়া হয়েছে। এ সময় সেখানে আওয়ামী লীগের সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়নের একটি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে যাওয়ার পথে বিকেলে তিনি চনপাড়া বটতলা এলাকায় রাস্তার পাশে নির্মাণাধীন পুলিশ ফাঁড়ির সামনে থামেন। এ সময় সঙ্গে থাকা লোকজনকে পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে ফেলার নির্দেশ দেন। এরপর লোকজন বড় হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙা শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে রাত সাড়ে আটটায় গোলাম দস্তগীর গাজী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাঁর কাছে অভিযোগ করে—পুলিশ ফাঁড়ির দেয়াল নির্ধারিত জায়গা অতিক্রম করে মানুষের চলাচলের রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে। রাস্তা দখল করে পুলিশ ফাঁড়ির দেয়াল নির্মাণ করায় তিনি এলাকাবাসীকে দেয়াল ভেঙে ফেলতে বলেন। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে জানতে পারেন তিনজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। তিনি পুলিশকে তাঁদের ছেড়ে দিতে বলেছেন। কেননা, এ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে হলে তাঁর বিরুদ্ধে নিতে হবে।
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, এখানে লোকসংখ্যা কম। এখানে পুলিশ ফাঁড়ির দরকার নেই। এ ছাড়া পুলিশ সাংসদ, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই এখানে ফাঁড়ি নির্মাণ করছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ফাঁড়ির দেয়াল ভেঙে ফেলা হয়েছে। তিনি এর বেশি আর কিছু বলতে রাজি হননি।
ইউএনও লোকমান হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি।