কমিটি জমা দেওয়ার পর এক মাস পার হলেও কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম ত. চ লাহা উচ্চবিদ্যালয়ের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড।স্থানীয় সাংসদের নির্দেশে বোর্ড ওই কমিটি অনুমোদন দিচ্ছে না বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয়ের অভিভাবক, নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে, কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সরকারদলীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরীর মনোনীত ব্যক্তিরা নির্বাচনে পরাজিত হওয়ায় কমিটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নিয়মানুযায়ী, কমিটি জমা দেওয়ার স্বল্পতম সময়ের মধ্যেই বোর্ড অনুমোদন দেওয়ার কথা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চার সদস্যের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন হয়। নির্বাচনে সাংসদের মনোনীত দুই ব্যক্তি মো. আবদুর রশিদ ও আলমগীর হোসেন পরাজিত হন। পরবর্তী সময়ে নির্বাচিত প্রতিনিধিরা বৈঠক করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে মো. মোবারক আলীকে নির্বাচিত করেন। গত ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বোর্ডে পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটির নাম জমা দেন। এদিকে ১৪ ফেব্রুয়ারি সাংসদ ওই বিদ্যালয়ের সভাপতি পদে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির উদ্দীন এবং নির্বাচনে পরাজিত এক অভিভাবক আবদুর রশিদকে বিদ্যুৎসাহী পদে নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সুপারিশ পাঠান। এ অবস্থায় কুমিল্লা শিক্ষা বোর্ড কমিটির অনুমোদন নিয়ে বিপাকে পড়ে। যে কারণে গত এক মাস বোর্ডে বিষয়টি ঝুলে আছে। বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক-সদস্য ও সাবেক সভাপতি আলী আজ্জম জানান, বিপুল ভোটের ব্যবধানে পরাজিত এক অভিভাবক-সদস্যকে সাংসদ বিদ্যুৎসাহী পদে নিয়োগ দেওয়ার জন্য বোর্ডে সুপারিশ করেছেন, যা অগ্রহণযোগ্য। আর সভাপতি পদে ইউএনও থাকতে পারেন না। ইতিমধ্যে তিনি তিনটি প্রতিষ্ঠানের সভাপতি পদে রয়েছেন। তাঁর দুইয়ের অধিক প্রতিষ্ঠানে থাকার নিয়ম নেই। প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের নামসহ আমরা বোর্ডে কমিটি জমা দিয়েছি। সেখান থেকে এখন পর্যন্ত এর অনুমোদন দেওয়া হয়নি।’বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির উদ্দীন বলেন, ‘আমাকে তলাগ্রাম উচ্চবিদ্যালয়ের সভাপতি পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে কি না, আমি জানি না। সাংসদ মহোদয় আমার সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনা করেননি। ইতিমধ্যে আমি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে দায়িত্ব পালন করছি।’বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব অলিউর রহমান বলেন, ‘ওই নির্বাচনী এলাকার সাংসদ তাঁর মনোনীত দুই ব্যক্তিকে সভাপতি ও বিদ্যুৎসাহী পদে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেন। কিন্তু তার আগেই বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করে জমা দেয়। ওই কমিটির ব্যাপারে কোনো ধরনের অভিযোগও নেই। কিন্তু সাংসদের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়টি ঝুলে আছে।’ সাংসদ নাছিমুল আলম চৌধুরী গত রোববার বিকেলে বলেন, ‘নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা যাঁকে সভাপতি পদে নির্বাচিত করেছেন, আমি তাঁর বিরুদ্ধে। ওনাকে আমি এর আগের বার সভাপতি পদে নির্বাচিত করেছিলাম।কিন্তু নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম করায় এবার তাঁকে বাদ দিয়ে ইউএনওর নাম প্রস্তাব করেছি।’ এ ব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রস্তাবিত ও সাবেক সভাপতি মো. মোবারক আলী বলেন, ‘নিয়োগ নিয়ে কোনো ধরনের অনিয়ম হয়নি। নিয়োগ বোর্ডের সদস্যরাই শিক্ষক নিয়োগ দিয়েছেন। সাংসদের অভিযোগ কোনোভাবেই ঠিক নয়।’