সাংসদের পক্ষে-বিপক্ষে মিছিল, সংঘর্ষে আহত ১৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মিছিল থেকে ১৫-২০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-রংপুর মহাসড়কে এ প্রতিবেদন লেখার সময় রাত ১০টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা মোড়ে পৌঁছলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদের সমর্থকেরা মিছিলে ধাওয়া করে। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
২২ সেপ্টেম্বর ওই সাংসদের বিরুদ্ধে ঘুষ নিয়ে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগের অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষ ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষক-কর্মচারী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে সাংসদ-সমর্থিত আওয়ামী লীগের একটি অংশ কলেজে তালা খুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাতে বাধা দেন। এ নিয়ে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম-সমর্থিত ছাত্রলীগের কর্মীদের হাতাহাতি হয়।
সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নিয়ম মেনে লোক নিয়োগ হলেও আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন।’
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘নিয়োগ বাণিজ্য করার জন্যই সাংসদ প্রভাব খাটিয়ে তাঁর লোকজনকে নিয়ে কলেজ পরিচালনা কমিটি গঠন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। আমি আন্দোলনের জন্য কাউকে লেলিয়ে দিইনি। ভুক্তভোগীরাই আন্দোলন করছেন।’