সাংসদের পক্ষে ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে কমপক্ষে ২০ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই টাকা গেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগের সাংসদ রণজিৎ কুমার রায়ের পকেটে। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি সাংসদ রণজিৎ রায়।

নিয়োগ-সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে সহকারী প্রধান শিক্ষক পদের প্রার্থী কুমারেশ চন্দ্র বিশ্বাস ও হিমা বিশ্বাস গত ১৮ সেপ্টেম্বর সহকারী জজ আদালতে (বাঘারপাড়া) একটি মামলা করেন। আদালত ওই দিন মামলাটি আমলে নিয়ে নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়।

মামলার নথিতে বলা হয়, ১৪ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মল্লিক একটি চিঠি পাঠান। ওই চিঠিতে যশোর সার্কিট হাউসে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়। নির্ধারিত দিনে আমরা সার্কিট হাউসে গিয়ে বসে থাকি। দুপুর পর্যন্ত সেখানে নিয়োগ বোর্ডের কোনো লোক যাননি। পরে জানতে পারলাম, যশোর জিলা স্কুলে কয়েকজনের পরীক্ষা নেওয়া হয়েছে।

কুমারেশ চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এক স্থানে উপস্থিত থাকতে বলে অন্য স্থানে পরীক্ষা নেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের মনোনীত প্রার্থীরাই ওই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সহকারী প্রধান শিক্ষক পদে চাকরির জন্য গত বছর এমপি সাহেবের (সাংসদ রণজিৎ রায়) পিএসের (একান্ত সচিব) কাছে দুই লাখ ৯৫ হাজার টাকা দিয়েছিলাম। পরে ওই নিয়োগ বাতিল করা হলে এমপি সাহেব দুই লাখ টাকা ফেরত দেন। সেই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে আবার আবেদন করি। কিন্তু অন্য প্রার্থীদের কাছ থেকে বেশি টাকা নিয়ে আমাকে পরীক্ষার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি বিশ্বজিৎ পাল জানান, চারটি পদের বিপরীতে ৪৩টি আবেদনপত্র জমা পড়ে। পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন মাত্র ১৭ জন।

প্রধান শিক্ষক স্বপন কুমার মল্লিক বলেন, সার্কিট হাউসে উপস্থিত হওয়ার জন্য চিঠি করা হয়েছিল ঠিকই, কিন্তু পরে যশোর জিলা স্কুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে চিঠি না করে ওই চিঠির যে অংশে সার্কিট হাউস লেখা ছিল, সেখানে কাগজ লাগিয়ে জিলা স্কুল লিখে দেওয়া হয়। পরীক্ষা শেষে কয়েকজন প্রার্থী ওই কাগজ উঠিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন বলে তিনি দাবি করেন।

নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনকারী অভিজিৎ সরকার প্রথম আলোকে বলেন, ‘চাকরি দেওয়ার কথা বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুজন কুমার ঘোষাল আমার কাছ থেকে চার লাখ টাকা নিয়েছেন। অথচ আমাকে চাকরি না দিয়ে অপর এক ব্যক্তির কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে তাঁকে চাকরি দেওয়া হয়েছে।’ চারটি পদের বিপরীতে কমপক্ষে ২০ লাখ টাকার লেনদেন হয়েছে বলেও তিনি দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে সুজন কুমার ঘোষাল প্রথম আলোকে বলেন, ‘চাকরি না পেয়ে অভিজিৎ উল্টাপাল্টা বকছেন। আমি চাকরি দেওয়ার মালিক নই। কারও কাছ থেকে টাকাপয়সা নেওয়ারও প্রশ্ন নেই।’

অভিযোগ অস্বীকার করে সাংসদ রণজিৎ কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ হলেই তো এমন অভিযোগ ওঠে। সারা জীবন এমন অভিযোগ শুনতিছি। তাগের (অভিজিৎ ও কুমারেশ) চাকরি দেওয়া হয়নি বলে তারা এখন ওই সব কথা বলছে।’