সাংসদের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ চলছেই
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাংসদ ও জেলা জাসদের সভাপতি রেজাউল করিমের (তানসেন) পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ অব্যাহত রয়েছে।
সাংসদের বিরুদ্ধে টিআর কর্মসূচি প্রকল্পের বরাদ্দ লুটপাট, অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবারও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নন্দীগ্রামে মিছিল-সমাবেশ করেছেন। এ সময় তাঁরা সাংসদের সমর্থকদের হাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লাঞ্ছিত হওয়ায় এর দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে সাংসদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হরণের অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে উপজেলা সদরে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করেছেন জাসদের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, সাংসদের কাছে প্রকল্পের ভাগ চেয়ে না পেয়ে উল্টো দুর্নীতির অভিযোগ তুলে ফায়দা হাসিলের চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতারা। এটাকে ষড়যন্ত্র উল্লেখ করে তার দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেওয়া হয় জাসদের সমাবেশ থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংসদ রেজাউল করিমের বিরুদ্ধে সরকারি প্রকল্পের বরাদ্দ লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সরকারি খাসপুকুর দখলের অভিযোগ এনে গতকালও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। উপজেলার কুন্দারহাট বাজারে বিকেল পাঁচটায় এ প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সভায় বলা হয়, আওয়ামী লীগ নেতাকে লাঞ্ছিত করার মাশুল গুনতে হবে জাসদের সাংসদকে।
ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী। বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগের নেতা মোতাহার হোসেন, কালিপদ সরকার, একরামুল হক, আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
এর আগে দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল বের করেন সাংসদের সমর্থকেরা। তাঁরা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
জাসদের নেতা ফরিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জাসদের নেতা কামরুজ্জামান কামরুল, মাহাবুবর রহমান, জিয়াউল হক, নূরুল ইসলাম, জাসদ ছাত্রলীগের নেতা নুরুল ইসলাম ও এমদাদুল হক।
সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, সাংসদের টিআর কর্মসূচির বরাদ্দ থেকে ব্যক্তিগতভাবে ভাগ দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান। তাঁর অনৈতিক প্রস্তাবে সাংসদ রাজি না হওয়ায় উল্টো তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাংসদের চরিত্র হরণে নেমেছেন। সাংসদের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, অপপ্রচার ও কুৎসা রটাচ্ছেন।
তবে জাহেদুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘সাংসদ লুটপাট-দুর্নীতিতে অতীতের সব রেকর্ড টপকে গেছেন। তিনি সাংসদ হওয়ার পর সরকারি খাসপুকুর জবরদখল করছেন। সাংসদের এসব অন্যায় ও অনিয়মের প্রতিবাদ জানাতে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ তাঁর সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছেন। তারা আমার ওপর হামলা চালিয়েছে। এখন দুর্নীতি ধামাচাপা দিতে উল্টো আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। কেউ প্রকল্পে ভাগ চাইলে সাংসদ আগে কেন অভিযোগ করলেন না। আওয়ামী লীগের নেতাদের ওপর হামলা ও মিথ্যা অপবাদ ছড়ানোর জন্য সাংসদকে মাশুল দিতে হবে।