সাংসদের পছন্দের সভাপতি করতে...
রাজশাহীর বাগমারায় স্থানীয় সাংসদের পছন্দের ব্যক্তিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি করার জন্য পর্ষদের সদস্যদের পুলিশের সহযোগিতায় মারধর ও আটক রেখে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২১ মে উপজেলার বাইগাছা উচ্চবিদ্যালয়ের ছাত্র ও অভিভাবকদের ভোটে ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হন মোনায়েম হোসেন, দুলাল উদ্দিন, বাবলুর রশিদ, ফাতেমা বেগম ও আবদুল হামিদ। বিধি মোতাবেক এই নির্বাচিত প্রতিনিধিরাই সাত দিনের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করবেন। সে মোতাবেক গতকাল শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক সভা আহ্বান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় পুলিশ পাহারায় বিদ্যালয়ের একটি কক্ষে সভা শুরু হয়। সভায় নাজমুল হোসেন নিজের প্রার্থিতা ঘোষণা করেন ও তাঁকে সভাপতি করার জন্য সাংসদ এনামুল হকের ডিও লেটার দেখান। তবে সদস্যরা তাঁকে সভাপতি করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই চারজনকে একটি কক্ষে আটকে রেখে মারধর করে রেজ্যুলেশনে স্বাক্ষর নেওয়া হয়। পুলিশ এ সময় ঘটনাস্থলে থাকলেও এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন মোনায়েম হোসেন, দুলাল উদ্দিন, বাবলুর রশিদ ও ফাতেমা বেগম। নাজমুল হক নিজেকে সাংসদের লোক স্বীকার করে বলেন, তাঁদের আটক ও মারধর করা হয়নি, দরজায় একটু ধাক্কাধাক্কি হয়েছে। তাঁরা স্বেচ্ছায় তাঁকে সমর্থন দিয়েছেন। বাগমারা থানার ওসি ইসমাইল হোসেন জানান, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। সাংসদ এনামুল হক ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।