সাংসদের পদ বাতিলের ক্ষমতা চাইবে ইসি
নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে ভবিষ্যতে কোনো সাংসদ যাতে পার পেতে না পারেন, সে জন্য সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাব অনুযায়ী নির্বাচিত হওয়ার পর কোনো সাংসদ হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন প্রমাণিত হলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে। সদস্যপদ বাতিলের এই ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের।নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের যে প্রস্তাব তৈরি করতে যাচ্ছে, তাতে এই বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী), রুহুল আমিন হাওলাদার ও এইচ এম গোলাম রেজার সদস্যপদ নিয়ে আইনি জটিলতার অভিজ্ঞতা থেকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তিনজনই হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।সূত্র জানিয়েছে, এর বাইরে কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের আরও কিছু ধারা সংশোধনের প্রস্তাব করবে। এর মধ্যে একটি আসনের সব প্রার্থীর এক মঞ্চ থেকে একসঙ্গে একটি নির্বাচনী সভা করা এবং দলগুলোর পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে শাস্তির বিধান রাখার প্রস্তাবও থাকবে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কমিশন আইন সংশোধনের এই খসড়া তৈরি করবে। ঈদের পর দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হবে।বিদ্যমান আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, সম্পদের বিবরণসহ হলফনামা আকারে আটটি তথ্য দিতে হয়। কেউ হলফনামায় মিথ্যা তথ্য দিলে তাঁর প্রার্থিতা বাতিল হবে। কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার কথা প্রমাণিত হলে কী হবে, সে সম্পর্কে বিদ্যমান আইনে কিছু নেই।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল বুধবার এ সম্পর্কে প্রথম আলোকে বলেন, হলফনামায় তথ্য দেওয়া-সংক্রান্ত আইনে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে কমিশন সাকা চৌধুরী, রুহুল আমিন ও গোলাম রেজার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। তাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আইন সংশোধনের মাধ্যমে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া সাংসদদের সদস্যপদ বাতিলের বিধান করার প্রস্তাব করা হবে।জানা গেছে, নিবন্ধিত দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া-সংক্রান্ত আইনেও কিছুটা সংশোধনী আনা হবে। বিদ্যমান আইনে বলা হয়েছে, কোনো নিবন্ধিত দল পর পর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে তার নিবন্ধন বাতিল হবে। কিন্তু এক পঞ্জিকা বছরের হিসাব জমা না দিলে কী হবে, সে সম্পর্কে কিছু বলা নেই।এ ক্ষেত্রেও কমিশনের অভিজ্ঞতা সুখকর নয়। চলতি বছর নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি-জামায়াতসহ ২০টি দল নিজেদের হিসাব জমা দিয়েছে। এর মধ্যে কোনো কোনো দল হিসাব দিয়েছে একেবারে শেষ মুহূর্তে। অন্যদিকে আওয়ামী লীগসহ ১৮টি দল হিসাব জমা দেয়নি। তারা এ জন্য সময় বাড়ানোর আবেদন করেছে।সূত্র জানিয়েছে, দলগুলো যাতে নিয়মিত হিসাব জমা দেয়, সে জন্য কমিশন এ-সংক্রান্ত আইনের বিধান কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের নতুন প্রস্তাব অনুযায়ী কোনো দল একটি পঞ্জিকা বছরের হিসাব জমা দিতে ব্যর্থ হলে, তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা আদায় করা হবে।